স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের অভিযান। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গর্বিত খেলোয়াড়দের পারফরম্যান্সে। কারণ, সিঙ্গাপুরের মাঠে খেলা এবং প্রতিপক্ষ র্যাংকিংয়ে অনেকে এগিয়ে থাকার পরও বাংলাদেশ মূলত হেরেছে নিজেদের ভুলে গোল হজম করে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশের কোচ ক্যাবরেরা। কিন্তু, আজ হারের পর সংবাদ সম্মেলনে অবশ্য হেরেও ক্যাবরেরা গর্বিত খেলোয়াড়দের পারফরম্যান্সে- এমনটাই মন্তব্য করেছেন।
ক্যাবরেরা গর্বিত খেলোয়াড়দের নিয়ে
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আজকের ফলাফলটি মেনে নেওয়া খুবই কঠিন, কারণ সম্ভবত পুরো গ্রুপ পর্বে এটাই ছিল আমাদের সেরা পারফরম্যান্স। আমি নিশ্চিতভাবেই মনে করি যে দলটি আজ জয়, অথবা অন্তত এক পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। আমি খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত গর্বিত।’
গর্বিত হওয়ার কারণ নিয়ে আরও খানিকটা ব্যাখ্যা করে বলেন,’মাঝে মাঝে আমরা কীভাবে হারছি সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ; আজ আমরা যেভাবে হেরেছি, তাতে এই দলের জন্য আমি অনেক অনেক গর্ব বোধ করছি। বল পায়ে থাকুক বা না থাকুক—পুরো ম্যাচজুড়ে আমাদের আধিপত্য ছিল। তাই আজকের পারফরম্যান্সের জন্য আমি দলকে অভিনন্দন জানাই।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ৬ ম্যাচ খেলেছে। ৬ ম্যাচে একটি জয়, দু’টি ড্র ও তিনটি হার। এশিয়ান কাপ বাছাইয়ে সামগ্রিক বিশ্লেষণ নিয়ে বলেন,’বাছাইপর্বের পুরো গ্রুপ পর্ব জুড়েই আমরা কোনো দলের চেয়ে খারাপ খেলিনি; বরং অনেক ম্যাচেই আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি। আমি বলছি না যে সিঙ্গাপুর এশিয়ান কাপে খেলার যোগ্য নয়—তবে আজকের ম্যাচে যে বাংলাদেশই শ্রেষ্ঠতর দল ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।’
বাংলাদেশ র্যাংকিংয়ে উন্নতি করবে
বাফুফের সাথে তিন মেয়াদে চুক্তি হয়েছে এই স্প্যানিশ কোচের। বিদ্যমান চুক্তিতে আজই তার শেষ ম্যাচ। বাংলাদেশের ভবিষ্যত নিয়ে তিনি বলেন,’এখনও এক মাস সময় বাকি আছে, তবে আমার পরামর্শ হলো-এভাবেই চালিয়ে যাওয়া উচিত। সত্যি বলতে, কে দায়িত্বে আছে সেটা বড় কথা নয়। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলকে কিছুটা দূরদর্শী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা জরুরি; আর আমি মনে করি (দলের মধ্যে) সেই উন্নতিটা দৃশ্যমান। আমার অধীনে যেটা সম্ভবত আমরা পাচ্ছিলাম না, তা হলো আরও কিছু ইতিবাচক ফলাফল, তাই না?’
অনেক ম্যাচ জিততে না পারলেও উন্নতি চোখে পড়ছে বলে মনে করেন কোচ। তার মতে, ‘আমি মনে করি মাঠের খেলায় আমাদের গুণগত মান এখন স্পষ্ট। আমরা আরও অভিজ্ঞতা অর্জন করছি এবং আরও পেশাদার হয়ে উঠছি। খেলোয়াড়রা এখন জানে কীভাবে খেলার গতি (টেম্পো) নিয়ন্ত্রণ করতে হয়। আমরা এখন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ি না।’
বাংলাদেশকে ভবিষ্যতে র্যাংকিংয়ে অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন ক্যাবরেরা। বিষয়টি নিয়ে ক্যাবরেরা বলেছেন,‘সিঙ্গাপুরের মতো দলগুলোর এমন কিছু সক্ষমতা আছে যে তারা মাত্র একটা সুযোগ পায় এবং সেটা থেকেই গোল করে ফেলে, তাই না? এটাই আমাদের এখনো কিছুটা অভাব। আমরা যদি এই জায়গাটুকুতে উন্নতি করতে পারি, তবে সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আরও ২০-৩০ ধাপ এগিয়ে যেতে দেখা যাবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













