চট্টগ্রামে বৃষ্টি, খেলা নিয়ে শঙ্কা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির শঙ্কা। দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েক দিন ধরেই হচ্ছে বৃষ্টি, বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। চট্টগ্রামে আজ সকাল থেকে বৃষ্টি না হলেও কিছুক্ষণ আগে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। বেলা ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হতে পারবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ভারী বৃষ্টি হয়েছে। দুপুরে ভারী বৃষ্টির ফলে বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে যায়। বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আজ একই মাঠে দুপুর ২টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে আবহাওয়া অফিসের তথ্যমতে আজ চট্টগ্রামে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
