প্যারাগুয়ে ও ফ্রান্স ম্যাচের আগে শংকা ! যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে চলমান তীব্র দাবদাহের মধ্যেই শনিবার বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। তবে এই চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে দল সেরাটা দিতে প্রস্তুত বলে শুক্রবার আশ্বস্ত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে। সংবাদ সম্মেলনে দেশম বলেন:
আমরা জানতাম এখানে প্রচুর গরম থাকবে। আমার মনে হয় আজ যে তাপমাত্রা, আগামীকাল তার চেয়ে কিছুটা কম থাকবে। আশা করছি এবার কোনো ঝড়-বৃষ্টির কবলে পড়তে হবে না।
গ্রুপ পর্বেও এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে ফ্রান্সের। ইরাকের বিপক্ষে ৩-০ গোলে জেতা সেই ম্যাচটি প্রচণ্ড ঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। আবহাওয়ার এই প্রভাব নিয়ে দেশম আরও যোগ করেন, বিষয়টি আমাদের মাথায় রাখতে হচ্ছে। তবে প্রতিটি দলই এর জন্য প্রস্তুতি নিয়েছে। এটি টুর্নামেন্টে আমাদের পঞ্চম ম্যাচ হতে যাচ্ছে, তাই ক্লান্তি এবং গরমের একটি প্রভাব থাকবেই। তবে আমি শুধু গরম নিয়েই পড়ে থাকতে চাই না।
১০১ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা!
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর শনিবার সন্ধ্যা পর্যন্ত ফিলাডেলফিয়ায় চরম তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করে রেখেছে। শুক্রবার সেখানকার তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০১ ডিগ্রি ফারেনহাইট)। ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) শুরু হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিন গুলোতেও দেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল জুড়ে তীব্র গরমের দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে ফিলাডেলফিয়ায় খেলা চলাকালীন থার্মোমিটারের পারদ ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য ও অতিরিক্ত আর্দ্রতার কারণে মাঠের খেলোয়াড়দের কাছে এই গরমের তীব্রতা বা প্রকৃত অনুভূতি (হিট ইনডেক্স) সর্বোচ্চ ৪৬.১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
এর আগে, নিউ জার্সিতে সুইডেন ম্যাচের সময় তাপমাত্রা ৩২.২২ ডিগ্রি সেলসিয়াসে উঠলে ফরাসি ফুটবলারদের শরীর জুড়াতে মাঠের ওয়াটার ক্যানন বা জলকামান ব্যবহার করতে দেখা গিয়েছিল। যদিও বর্তমান তীব্র গরমের কথা মাথায় রেখে ফিফা ম্যাচগুলোতে বিশেষ ওয়াটার ব্রেক বা কুলিং ব্রেকের নিয়ম চালু রেখেছে, তবে জনস্বাস্থ্য ও ক্রীড়া বিশেষজ্ঞরা এই সাময়িক বিরতিকে ফুটবলারদের সুরক্ষায় একেবারেই অপ্রতুল বলে মনে করছেন।
চরম আবহাওয়ার বিষয়ে ফরাসি মিডফিল্ডার দেজিরে দুয়ে বলেন,
আমরা জানি আগামীকাল আবহাওয়া বেশ কঠিন থাকবে। তবে এটি দুই দলের জন্যই সমান প্রতিকূলতা তৈরি করবে, তাই আমাদের পরিস্থিতি সামলে নিতে হবে।
ইনজুরির কারণে মার্কাস তুরামকে না পাওয়া ছাড়া পূর্ণ শক্তির স্কোয়াডই পাচ্ছে ফ্রান্স। এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলা ৪ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা এবং মোট ১৩টি গোল করেছে। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপেই একাই করেছেন ৬টি গোল।
‘ফ্রান্স যেন এক বৈদ্যুতিক ঝড়’
ফরাসিদের এমন বিধ্বংসী ফর্মকে ঝড়ের সঙ্গে তুলনা করেছেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো। তিনি বলেন:
ফ্রান্স একটি বৈদ্যুতিক ঝড়ের মতো। আমাদের মাথায় রাখতে হবে যে ঝড় আসছে এবং বজ্রপাত সামলানোর জন্য প্রস্তুত থাকতে হবে।
গরম আবহাওয়া নিয়ে আলফারো বলেন, আমরা গরমে অভ্যস্ত, তবে এই গরমে আমাদেরও ভুগতে হবে। প্যারাগুয়েতে কখনই বিকেল ৫টায় বিশ্বকাপ ম্যাচ আয়োজন করা হতো না। তবে এটি অনেকটা ইকুয়েডরের কিটোতে গিয়ে উচ্চতার (অল্টিটিউড) চ্যালেঞ্জ নেওয়ার মতো, যেখানে আপনাকে মানিয়ে নিতেই হবে।”
ইতিহাস গড়ার লক্ষ্যে প্যারাগুয়ে
ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্সের চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে ৪১ নম্বরে থাকা প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ষষ্ঠ হয়ে কোনোমতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বড় ব্যবধানে হারলেও, পরবর্তীতে তুরস্ককে হারিয়ে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে সেরা তৃতীয় আট দলের একটি হয়ে নকআউটে জায়গা করে নেয় তারা। এরপর গত রাউন্ডে শক্তিশালী জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বড় চমক দেখায় দলটি।
দেশটিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলার স্বপ্ন দেখছেন আলফারো। তিনি বলেন,
এক বছর নয় মাস আগেও এই দলের বিশ্বকাপে আসার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমরা এখানে লড়াই করতে এসেছি এবং জার্মানিকে হারিয়েছি যখন আমাদের কোনো সুযোগই দেখছিল না কেউ। ফ্রান্সের মতো বড় দলের বিপক্ষে এমন ম্যাচে খেলতে পারা ভাগ্যের ব্যাপার। আমি কোনো চাপ অনুভব করছি না, তবে এর মানে এই নয় যে আমি জিততে চাই না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















