সাবেক ক্রিকেটারদের জন্য টাইগার্স ডেন

বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্মিত হয়েছে ‘টাইগার্স ডেন’ নামে একটি বিশেষ লাউঞ্জ, যেখানে জাতীয় দলের সাবেক নারী ও পুরুষ ক্রিকেটাররা খেলা উপভোগ করতে পারবেন এবং অবসর সময় কাটানোর সুযোগ পাবেন।

মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল নতুন এই লাউঞ্জ ঘুরে দেখান। বর্তমানে লাউঞ্জটির প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হলেও আনুষ্ঠানিক উদ্বোধন এখনও করা হয়নি।

মিরপুর স্টেডিয়ামের ম্যানুয়াল স্কোরকার্ডের পাশেই তৈরি করা হয়েছে এই বিশেষ লাউঞ্জ। এতদিন অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স বক্স’ থাকলেও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য আলাদা কোনো সুবিধা ছিল না। সেই অভাব পূরণ করতেই এই উদ্যোগ নিয়েছে বর্তমান বোর্ড।
এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘আমরা ক্রিকেটারদের জন্য টাইগার্স ডেন নামে এই লাউঞ্জটি করেছি।

বাংলাদেশের হয়ে একদিনের জন্যও যারা প্রতিনিধিত্ব করেছেন, সেই সব নারী ও পুরুষ ক্রিকেটারদের জন্য এখানে বসে খেলা দেখার এবং সময় কাটানোর সুযোগ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, বর্তমান ও সাবেক সব ক্রিকেটারকেই বাংলাদেশের ক্রিকেটের অংশ হিসেবে সম্মান দিতে হবে। তাদের জন্য যা যা করা প্রয়োজন, বিসিবি সেগুলো করার চেষ্টা করবে। এটি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আমাদের ছোট একটি উদ্যোগ।’

তামিম জানান, লাউঞ্জে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের স্মারক ও ছবি সংযোজনের কাজ এখনও বাকি রয়েছে। সব কাজ সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে ‘টাইগার্স ডেন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles