ট্রান্সফার বাজারে উত্তাপ: আলভারেজ বার্সায়, রদ্রিকে চায় রিয়াল

চেলসি-লিভারপুল-আর্সেনালের বড় পরিকল্পনা

বিশ্বকাপের উত্তাপ শেষ হয়েছে। এবার ক্লাব ফুটবলে ফেরার পালা। ইউরোপের শীর্ষ লিগগুলো আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে পর‌্যায়ক্রমে মাঠে গড়াবে। তার আগেই দলবদলের বাজারে আগুন লেগেছে। একের পর এক গুঞ্জন ও আলোচনার জন্ম দিচ্ছে ক্লাবগুলো। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে ভিড়াতে ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বার্সেলোনা।

জুলিয়ান আলভারেজকে নিয়ে মুখ খুললেন এনরিকে সেরেজো ‘দুই পক্ষেরই আগ্রহ রয়েছে।’

কাতালান ক্লাবটি ইতোমধ্যে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে এবং জানিয়ে দিয়েছে, এর বেশি অপেক্ষা করবে না। যদিও আতলেতিকো সভাপতি এনরিকে সেরেজো স্পষ্টভাবে বলেছেন, আলভারেজ বিক্রির কোনো পরিকল্পনা তাদের নেই। তবে বিশ্বকাপ ফাইনালের পর এই ট্রান্সফার নিয়ে নতুন অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গুঞ্জন তৈরি হয়েছে যে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি (পুরো নাম রদ্রিগো হার্নান্দেজ কাসকান্তে) রিয়াল মাদ্রিদে যোগ দিতে আগ্রহী। রেডিও মার্কার দাবি, বিশ্বকাপ শেষে রিয়াল কোচ হোসে মরিনহো তাকে দলে নিতে আগ্রহী। তবে অন্যদিকে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রিয়াল মাদ্রিদের বর্তমানে রদ্রিকে সই করানোর কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শ্লটারবেকের রিয়ালে যাওয়ার সম্ভাবনাও প্রায় শেষ, কারণ তার বিশেষ রিলিজ ক্লজের মেয়াদ শেষ হয়েছে এবং বিশ্বকাপে চোট পেয়েছেন এই জার্মান ডিফেন্ডার।

রদ্রিগো হার্নান্দেজ কাসকান্তে

চেলসির স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরি তার সাবেক শিষ্যকে আবারও দলে চান বলে জানা গেছে। তবে জ্যাকসনের সঙ্গে চেলসির দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় স্থায়ী নয়, ধারে যাওয়ার সম্ভাবনাই বেশি।

নিকোলাস জ্যাকসন অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি-ফাইল ছবি।

অন্যদিকে ম্যানচেস্টার সিটি ডাচ মিডফিল্ডার তিজ্জানি রেইন্ডার্সকে কোনোভাবেই ছাড়তে রাজি নয়। নিউক্যাসল ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও গালাতাসারাইয়ের আগ্রহ থাকলেও তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

লেস্টার সিটির তরুণ ডিফেন্ডার বেন নেলসন ক্লাব ছাড়তে চান। তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। লেস্টার তার জন্য প্রায় ১০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দাবি করছে।

এদিকে ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হতে যাচ্ছেন মরগান রজার্স। অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডে এই ইংলিশ ফরোয়ার্ডকে দলে নিতে চুক্তির কাছাকাছি পৌঁছেছে চেলসি। আর্সেনালও তাকে চাইলেও ভিলার চাওয়া অর্থ দিতে রাজি হয়নি।

লিভারপুল ভবিষ্যতের কথা ভেবে ১৭ বছর বয়সী কলম্বিয়ান মিডফিল্ডার স্যামুয়েল মার্টিনেজকে দলে ভেড়াতে যাচ্ছে। মেডিকেল শেষে তিনি আগামী মৌসুমে আনুষ্ঠানিকভাবে অ্যানফিল্ডে যোগ দেবেন। এছাড়া ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ার্টনও লিভারপুলের অন্যতম প্রধান লক্ষ্য, যদিও তাকে কিনতে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ হতে পারে। একই সঙ্গে মোহাম্মদ সালাহর বিদায়ের পর নতুন একজন ডান প্রান্তের উইঙ্গার খুঁজছে অলরেডরা।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আলেহান্দ্রো গারনাচো। ইতালিয়ান ক্লাব এএস রোমায় যোগ দেওয়াকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে।

বার্সেলোনার সঙ্গে চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর নাম জড়ালেও এই গুঞ্জন বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো

আর্সেনাল ১৮ বছর বয়সী সেন্টার-ব্যাক এলাইজা আপসনকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে। তরুণ এই ডিফেন্ডার টটেনহ্যামের প্রস্তাব ফিরিয়ে গানার্সদের বেছে নিয়েছেন।

এছাড়া এসি মিলান ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ দিয়ালোকে দলে নিতে আগ্রহী, জুভেন্টাস টটেনহ্যামের রিচার্লিসনকে চায়, নিউক্যাসল ও নাপোলি চেলসির ডিফেন্ডার বেনোয়া বাদিয়াশিলেকে নজরে রেখেছে এবং ওয়েস্ট হ্যামের ক্রিসেনসিও সামারভিলকে দলে নিতে আলোচনায় অনেকটাই এগিয়ে রয়েছে এএস রোমা।

ইউরোপীয় ফুটবলের দলবদল বাজারে আগামী কয়েক সপ্তাহে আরও বড় চুক্তি ও নাটকীয় মোড় আসতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles