২০২৬ সালের গ্লোবাল সুপার লিগের (GSL) সম্প্রচার তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। এবারের আসরে আগের মৌসুমগুলোর তুলনায় আরও বিস্তৃত পরিসরে সম্প্রচার সুবিধা নিশ্চিত করা হয়েছে। ক্যারিবিয়ান অঞ্চল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শকরা এবার টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করতে পারবেন।
গ্লোবাল সুপার লিগের এবারের সম্প্রচার ব্যবস্থায় নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ ও ভুটান। ফলে এসব অঞ্চলেও এবার প্রথমবারের মতো টুর্নামেন্টটির নির্দিষ্ট সম্প্রচার সুবিধা থাকছে।
২০২৬ সালের সম্প্রচার অংশীদারদের তালিকায় বাংলাদেশে গ্লোবাল সুপার লিগের ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে টি স্পোর্টস। ভারত ও মালদ্বীপে ম্যাচ দেখা যাবে সনি-তে। অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস এবং নিউজিল্যান্ডে স্কাই এনজেড ম্যাচ সম্প্রচার করবে।
পাকিস্তানে ম্যাচ দেখা যাবে এ স্পোর্টস ও তামাশা-তে। আফগানিস্তান, মালয়েশিয়া ও নেপালে সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টাইক্সস্পোর্টস। মধ্যপ্রাচ্যে ম্যাচ সম্প্রচার করবে মাইকো। শ্রীলঙ্কায় দর্শকরা ডায়ালগ টিভিতে খেলা দেখতে পারবেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্প্রচার করবে উইলো এবং যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল। ক্যারিবিয়ান অঞ্চলে ম্যাচ দেখা যাবে রাশ লাইভ অ্যান্ড লাউডার-এ। বিশ্বের অন্যান্য অঞ্চলের দর্শকদের জন্য ম্যাচ সম্প্রচার করা হবে ইউটিউবে।
২০২৬ সালের গ্লোবাল সুপার লিগের সম্প্রচার অংশীদারদের পূর্ণ তালিকা হলো—
- আফগানিস্তান: StyxSports
- অ্যান্টিগুয়া: Winners TV
- অস্ট্রেলিয়া: Fox Sports
- বাংলাদেশ: T Sports
- বার্বাডোস: CBC
- ভুটান: Sony
- গায়ানা: ENET
- গ্রেনাডা: GBN
- ভারত: Sony
- মালদ্বীপ: Sony
- মালয়েশিয়া: StyxSports
- মধ্যপ্রাচ্য: MYCO
- নেপাল: StyxSports
- নিউজিল্যান্ড: Sky NZ
- পাকিস্তান: A Sports, Tamasha
- প্যান-ক্যারিবিয়ান: Rush Live & Louder
- শ্রীলঙ্কা: Dialogue TV
- সেন্ট কিটস: ZIZ
- সেন্ট লুসিয়া: Winners TV
- ত্রিনিদাদ: CNC3
- যুক্তরাষ্ট্র ও কানাডা: Willow
- যুক্তরাজ্য: ARY Digital
- বিশ্বের অন্যান্য অঞ্চল: YouTube
গ্লোবাল সুপার লিগের চেয়ারম্যান স্যার ক্লাইভ লয়েড বলেন, এবারের সম্প্রচার তালিকা প্রমাণ করে টুর্নামেন্টটি কতটা বিস্তৃত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেট বাজারে একচেটিয়া অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ ও ভুটানে প্রথমবারের মতো নতুন দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ক্রিকেট একটি বৈশ্বিক খেলা। তাই বিশ্বের যেখানেই দর্শক থাকুন না কেন, তাদের কাছে গ্লোবাল সুপার লিগকে সহজে পৌঁছে দেওয়া এবং টুর্নামেন্টটি উপভোগের সুযোগ নিশ্চিত করাই আয়োজকদের লক্ষ্য।
২০২৬ সালের আসরে গ্লোবাল সুপার লিগের সম্প্রচার পরিধি এখন পর্যন্ত সবচেয়ে বড় হতে যাচ্ছে। ইতোমধ্যে ২০টিরও বেশি অঞ্চলে সম্প্রচার নিশ্চিত হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আরও কয়েকটি সম্প্রচার অংশীদারের নাম ঘোষণা করা হতে পারে।


