নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে স্লো ওভাররেটের দায়ে অভিযুক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যে কারণে ক্যারিবিয়ানদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে জিতলেও সিরিজটা ৩-২ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এমিরেটস আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ উইন্ডিজদের এই শাস্তি দেন। সময়ের ব্যাপারে দরকারি ছাড় দেওয়ার পরেও এক ওভার পিছিয়ে ছিল শাই হোপের দল।
আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এই নিয়মে এক ওভার পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এছাড়া আইসিসির কোড অব কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধে নির্ধারিত সময়ে যত ওভার কম করা হবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ ব্যাপারে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার ডেইটন বাটলার অভিযোগটি দায়ের করেন। ৫ম ওয়ানডে ম্যাচে অবশ্য ২ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজই। যদিও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড।


