মেসির অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে জিতলেন সুয়ারেজ

লিওনেল মেসি নেই, নেই রদ্রিগো দি পলও। বিশ্বকাপের দীর্ঘ ও ক্লান্তিকর অভিযানের পর দুজনই বিশ্রামে। তবে তাদের অনুপস্থিতিতেও ইন্টার মায়ামির বিজয়যাত্রা থামেনি। লুইস সুয়ারেজের জোড়া গোল আর তরুণ প্রেস্টন প্লামবেকের শেষ মুহূর্তের গোলের সৌজন্যে শিকাগো ফায়ারকে ৩-২ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শিকাগো ফায়ারের জার্সিতে বহু প্রতীক্ষিত অভিষেক হয় পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার রবার্ট লেফানদোভস্কির। কিন্তু তার প্রথম ম্যাচটি শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকল না। কারণ শেষ হাসি হেসেছে ইন্টার মায়ামিই।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল স্বাগতিকদের। ১৮ মিনিটে বিরল এক আত্মঘাতী গোলে এগিয়ে যায় শিকাগো। ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রের ধীরগতির ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে গোলরক্ষক রকো রিওস নোভোর পায়ের ফাঁক গলে বল জড়িয়ে যায় জালে। অপ্রত্যাশিত সেই ভুলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শিকাগো।

সমতা ফেরান সুয়ারেজ

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি মায়ামি। ২৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান লুইস সুয়ারেজ। বিশ্বকাপ বিরতির আগে ফিলাডেলফিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা এই উরুগুইয়ান আবারও দলের আক্রমণের মূল ভরসা হয়ে ওঠেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ চালায়। ৬৭ মিনিটে বদলি হিসেবে নামা পুসো দিথেজানে এমএলএস ক্যারিয়ারের প্রথম গোল করে ম্যাচে আবার সমতা আনেন।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। ৮৭ মিনিটে সুয়ারেজের নেওয়া শট শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি ঠেকালেও ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে জালে পাঠান প্রেস্টন প্লামবেক। এমএলএসে এটিই ছিল তার প্রথম গোল, আর সেটিই হয়ে ওঠে ম্যাচজয়ী গোল।

রবার্ট লেফানদোভস্কি

এই জয়ে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ১৬ ম্যাচে ৩৪। বিশ্বকাপ বিরতির আগে শুরু হওয়া তাদের জয়রথ এখন টানা পাঁচ ম্যাচে পৌঁছেছে।

উচ্ছ্বসিত কোচ গিয়ের্মো হয়োস

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ গিয়ের্মো হয়োস। তিনি বলেন, ‘আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই। এই সময়টায় সবাই অসাধারণ পরিশ্রম করেছে। শুধু খেলোয়াড় নয়, ক্লাবের পর্দার আড়ালে যারা কাজ করেন, তাদের অবদানও সমান গুরুত্বপূর্ণ। ফুটবলের সৌন্দর্যই হলো আবেগ, অর্জন আর সম্মিলিত প্রচেষ্টা।’

মেসি ও ডি পলের অনুপস্থিতি নিয়েও কথা বলেন হয়োস। তার মতে, বিশ্বকাপের টানা প্রায় ৫০ দিনের মানসিক ও শারীরিক চাপের পর বিশ্রাম তাদের জন্য অপরিহার্য।

অন্যদিকে, শিকাগো ফায়ারের হয়ে অভিষেক হলো ৩৭ বছর বয়সী রবার্ট লেফানদোভস্কির। গত ২৯ জুন ক্লাবটিতে যোগ দেওয়া সাতবারের বুন্দেসলিগা গোল্ডেন বুটজয়ী এই স্ট্রাইকারের অভিষেক অবশ্য পিছিয়ে গিয়েছিল শিকাগো অঞ্চলের খারাপ বায়ুমানের কারণে একটি ম্যাচ স্থগিত হওয়ায়।

ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখের হয়ে ২০২০-২১ মৌসুমে বুন্দেসলিগায় রেকর্ড ৪১ গোল করা লেফানদোভস্কি প্রথম ম্যাচে দলকে জয় এনে দিতে পারেননি। বরং শিকাগোর টানা তিন ম্যাচের জয়ের ধারাও থেমে গেল মায়ামির কাছে হেরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles