জাতীয় দলের পর এবার বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সিনিয়র কোচ সালাউদ্দিন। তবে জাতীয় দলের সঙ্গে নিজের সম্পৃক্ততা অটুট থাকবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এ সময় তিনি জানান, এইচপির দায়িত্বে থাকলেও জাতীয় দলের কার্যক্রমের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত থাকবে।
এছাড়া সালাউদ্দিন বলেন, ‘আমার জাতীয় দলের সঙ্গে যোগাযোগ থাকবে। এমন না যে আমি একেবারেই ওদিক থেকে আলাদা। কারণ এই ছেলেগুলোর সঙ্গে আমাদের একটা সংযোগ থাকবে। ভালো একটা যোগাযোগ থাকবে।
আমি কখনো মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।’তবে এইচপি দলের দায়িত্বকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবেই দেখছেন অভিজ্ঞ এই কোচ। তার মতে, এই সফরগুলো তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মান সম্পর্কে বাস্তব ধারণা দেবে।
এছাড়া সালাউদ্দিন বলেন, ‘এটা এইচপি টিম, তাদের নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে। একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় সুযোগ। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে; বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের কোন অবস্থানে আছে।’


