জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। এরই মধ্যে তার জন্য এসেছে নতুন সুখবর। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলতে যাচ্ছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। এক পোস্টে দলটি লিখেছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!’
ঘোষণাটি ভিন্নভাবে উপস্থাপন করেছে পোখারা। প্রচারণার ছবিতে পাহাড়চূড়ায় একটি সিংহাসনে বসানো হয়েছে সাকিবকে। তার পাশে দেখা যায় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারকে। পুরো ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নজর কেড়েছে ক্রিকেটভক্তদের।
দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন সাকিব। তবে নেপাল প্রিমিয়ার লিগে এবারই প্রথম দেখা যাবে তাকে।
২০২৪ সালে যাত্রা শুরু হয় নেপাল প্রিমিয়ার লিগের। উদ্বোধনী আসরে শিরোপা জিতেছিল জনকপুর বোল্টস। আর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন লুম্বিনি লায়নস।
এর আগে এলপিএলে জাফনা কিংসের হয়ে চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব। বল হাতে ছন্দে থাকলেও ব্যাট হাতে এখনো নিজের সেরাটা দেখাতে পারেননি বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।


