‘ধ্যান করুন, প্রার্থনা করুন অথবা ফুটবল দেখুন’ – সমালোচকদের ইনফান্তিনো

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার নেতৃত্ব, ফিফা এবং বিশ্বকাপ নিয়ে সমালোচনা করা ব্যক্তিদের ‘ঘৃণা ও মিথ্যা গুজব ছড়ানোর’ পরিবর্তে ধ্যান করা, প্রার্থনা করা কিংবা ফুটবল ম্যাচ দেখার পরামর্শ দিয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৫টি স্লাইডের একটি পোস্টে সমালোচকদের উদ্দেশে বক্তব্য দেন ইনফান্তিনো। পরে পোস্টটি ফিফার প্রায় ৮০ লাখ অনুসারীর অ্যাকাউন্টেও শেয়ার করা হয়। সেখানে তিনি ‘কলম-কাগজের আড়ালে কিংবা পর্দার ওপাশে থাকা’ সমালোচকদের উদ্দেশে বলেন, তারা যখন ঘৃণার বীজ বপনে ব্যস্ত, তখন ফিফা পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন উপহার দিচ্ছে।

ইনফান্তিনোর দাবি, বিশ্বকাপ মানবতার সেরা দিকটিই তুলে ধরে। ২০২৬ বিশ্বকাপকে তিনি ‘১০০ শতাংশ নিরাপদ ও সুরক্ষিত’ আয়োজন হিসেবে উল্লেখ করে বলেন, এই টুর্নামেন্টে ছিল কেবল আনন্দ, উচ্ছ্বাস ও সুখ।

বিশ্বকাপ ঘিরে বেশ কিছু বিতর্কও অবশ্য তৈরি হয়েছে। এর মধ্যে ইরানের অংশগ্রহণকে সাফল্য হিসেবে তুলে ধরেছেন ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও ইরান বিশ্বকাপে অংশ নেওয়ায় তিনি দাবি করেন, ফিফা ‘যুদ্ধে থাকা দুটি দেশকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করেছে’। তার ভাষ্য অনুযায়ী, ইরান কোনো ঘটনা বা সংঘাত ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।

তবে ইনফান্তিনোর বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন ইরানের কোচ আমির ঘালেনোয়ি। তিনি বিশ্বকাপে নিজেদের দলকে ‘সবচেয়ে নিপীড়িত’ দল হিসেবে উল্লেখ করেছিলেন। ভিসা জটিলতা, কোচিং স্টাফের কয়েকজন সদস্যের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা এবং সমর্থকদের টিকিট বাতিলসহ নানা সমস্যার মুখে পড়েছিল ইরান।

বিশ্বকাপে নিরাপত্তা নিয়েও ইনফান্তিনো বলেন, টুর্নামেন্টে ছিল ‘শূন্য ঘটনা, শূন্য সহিংসতা’। তবে তার এই দাবির বিপরীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের পর দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে উত্তেজনা, একাধিক ম্যাচে সমর্থকদের গ্রেপ্তার এবং স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করে শেষ ষোলোতে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে। উয়েফা এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন, বোধগম্য নয় এবং অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে। তবে ইনফান্তিনো দাবি করেছেন, বড় বড় লিগে এ ধরনের সিদ্ধান্ত নিয়মিতই হয়ে থাকে।

সমালোচকদের উদ্দেশে ইনফান্তিনো আরও বলেন, তাদের উচিত ঘৃণার পরিবর্তে ভালোবাসা ও সম্মান দেখানো। তিনি বলেন, যারা বিশ্বকাপের আবেগ, উদযাপন, হাসি-কান্না ও আনন্দ উপভোগ করতে পারেননি, তারা হয়তো অতিরিক্ত ঘৃণা ও সমালোচনায় ব্যস্ত ছিলেন।

সবশেষে তিনি বলেন, ‘যারা আমাদের ঘৃণা করতে সময় ও শক্তি ব্যয় করছেন, তারা একটু থামুন, ভাবুন, ধ্যান করুন, প্রার্থনা করুন অথবা একটি ফুটবল ম্যাচ দেখুন।’ তার মতে, পৃথিবীর মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্য তৈরি করার ক্ষমতা রয়েছে ফুটবলের, আর ফিফা সভাপতি হিসেবে এই আয়োজনের অংশ হতে পেরে তিনি গর্বিত।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles