নাহিদের ইনজুরি নিয়ে বিতর্কে মুখ খুললেন শাহরিয়ার নাফিস

জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। এরপর থেকেই তার চোটের জন্য অতিরিক্ত ম্যাচ খেলা ও বাড়তি ওয়ার্কলোডকে দায়ী করা হচ্ছিল। তবে সেই অভিযোগ স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাফিস বলেন, নাহিদের বোলিং ওয়ার্কলোড পুরোপুরি স্বাভাবিক ছিল এবং তাকে কোনোভাবেই অতিরিক্ত চাপ দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘২০ দিনের মধ্যে ২৪-২৫ ওভার বোলিং করাকে কোনোভাবেই অতিরিক্ত বলা যায় না। আমরা খেলোয়াড়দের ওয়ার্কলোড আন্দাজে হিসাব করি না।

ক্যাটাপাল্ট জিপিএস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের শারীরিক চাপ নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। নাহিদের ক্ষেত্রেও সেটাই করা হয়েছে এবং তার ওয়ার্কলোড স্বাভাবিক সীমার মধ্যেই ছিল।’
নাহিদের চোট এড়ানো যেত কি না, এমন প্রশ্নের জবাবে নাফিস বলেন, ইনজুরি সব সময় পূর্বানুমান করা সম্ভব নয়।

‘অনেকে বলছেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলালে হয়তো ইনজুরি হতো না। কিন্তু একই ধরনের ইনজুরি অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময়ও হতে পারত। এটি দুর্ভাগ্যজনক একটি ঘটনা। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, নাহিদকে দিয়ে অতিরিক্ত বোলিং করানো হয়নি,’ বলেন তিনি।

জিম্বাবুয়ে সফরে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে যান নাহিদ। তার অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বিসিবির দাবি, এই ইনজুরির সঙ্গে অতিরিক্ত ম্যাচ বা ওয়ার্কলোডের কোনো সম্পর্ক নেই।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles