নাহিদের বিকল্প তৈরির আশ্বাস কোচ আলমগীর কবিরের

অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। তবে তার অনুপস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বিসিবির পেস বোলিং কোচ আলমগীর কবির। তার বিশ্বাস, দেশের বয়সভিত্তিক ক্রিকেটে নাহিদের মতো সম্ভাবনাময় আরও বেশ কয়েকজন পেসার উঠে আসছেন।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আলমগীর কবির জানান, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ পর্যায়ে বেশ কয়েকজন প্রতিভাবান ফাস্ট বোলারকে তিনি দেখেছেন। যদিও নাহিদের মতো প্রাকৃতিক গতির বোলার এখনই নেই, তবুও ভবিষ্যতের জন্য আশাবাদী তিনি।

আলমগীর বলেন, ‘অনূর্ধ্ব-১৭ দলে দেখেছি, ১৯ দলেও দেখেছি। অনূর্ধ্ব-২৩ দলেও দেখলাম। বেশ কয়েকজন ভালো বোলার আছে। নাহিদ হয়তো আলাদা। ওর গতি গড গিফটেড। ওই পেস এখনও কেউ পায়নি। তবে ভালো ভালো বোলার আছে।’

নাহিদের ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরে না থাকাটা সমর্থকদের পাশাপাশি দলের জন্যও বড় ধাক্কা বলে মনে করেন এই কোচ। তার মতে, একজন ম্যাচজয়ী পেসারের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই হতাশার।

তিনি বলেন, ‘এটা স্বাভাবিক। প্রতিটি দেশেই সেরা খেলোয়াড়কে নিয়ে সবাই পরিকল্পনা করে। আমরা রানার দিকে তাকিয়ে ছিলাম, ও ভালো করলে দল ভালো করবে।’

দীর্ঘদিন ইনজুরির পর দলে ফেরা আরেক পেসার এবাদত হোসেনের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন আলমগীর। তার মতে, এবাদতকে অফফর্ম বলা ঠিক হবে না। চোট কাটিয়ে ফেরার পর পুরো ছন্দে ফিরতে কিছুটা সময় লাগেই।

আলমগীরের ভাষায়, ‘অফফর্মে না ঠিক। ও তো ইনজুরিতে ছিল, এখন কামব্যাক করেছে। একটু তো মাথায় ইনজুরির ব্যাপারটা থাকবেই। সময় দিলে আগের ছন্দে ফিরে আসবে।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles