বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতিতে নেমেই চোটের ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দলের উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস পিঠের চোটে পড়ায় প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্রিসবেনে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছিল অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ের সময় একটি শট খেলার পরই পিঠে অস্বস্তি অনুভব করেন ইংলিস। পরে পিঠের পেশিতে খিঁচুনি নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোডস্পোর্টস জানিয়েছে, ইংলিসের চোট গুরুতর নয়। তবে অতীতে তাঁর পিঠের সমস্যার ইতিহাস থাকায় চিকিৎসক ও টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চাইছে না। সে কারণে আগামী সপ্তাহে ডারউইনে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার সামনে সম্ভাব্য ২১টি টেস্ট ম্যাচ রয়েছে। তাই একজন খেলোয়াড়কে দ্রুত ফিরিয়ে আনার বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে দল। এ কারণে ইংলিসকে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত করার চিন্তাই আপাতত বেশি গুরুত্ব পাচ্ছে।
এর আগে চলতি বছরের এপ্রিলের শেষ দিকে আইপিএলে ফিল্ডিং করতে গিয়ে হাতের আঙুলে চোট পেয়েছিলেন ইংলিস। মে মাসে সুস্থ হয়ে আবার মাঠে ফেরেন। পরে মিচেল মার্শের অনুপস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্বও দেন।
স্পিন বোলিংয়ের বিপক্ষে স্বচ্ছন্দ ব্যাটিংয়ের জন্য পরিচিত ইংলিস। তাই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তাঁর অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে। যদিও এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
ইংলিস খেলতে না পারলে উইকেটকিপারের দায়িত্বে থাকবেন অ্যালেক্স ক্যারি। ব্যাটিং বিভাগে স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন ও জ্যাক ওয়েদারাল্ডের পাশাপাশি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারও থাকছেন অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশে।


