প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সৌরভ পরিবার

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে গত কয়েক মাস ধরে হুমকিসংবলিত চিঠি পাঠানো হচ্ছিল। তবে সর্বশেষ চিঠিতে সৌরভ, তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি ও নিকটাত্মীয়দের প্রাণনাশের হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ। সোমবার সিএবি কার্যালয়ে আসা দুটি চিঠির মধ্যে একটি পাওয়ার পর তিনি দক্ষিণ কলকাতার ঠাকুরপুর থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সৌরভের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকির চিঠিগুলো কোথা থেকে পাঠানো হচ্ছে এবং এর পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ছয় মাসে বিভিন্ন সময়ে সৌরভের নামে একাধিক চিঠি এসেছে। এত দিন বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও সোমবার পাওয়া চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রী ডোনাসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি থাকায় বিষয়টি গুরুতর হয়ে ওঠে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখা হচ্ছে।’

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চিঠিগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। এরই মধ্যে চিঠির প্রেরকের পরিচয় শনাক্ত করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, চিঠি পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি সিমকার্ডের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করে চিঠিগুলোর বুকিং ও সরবরাহসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গত ছয় মাসে আসা সব চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না, হুমকির পেছনে কী কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না-এসব বিষয়ও তদন্ত করে দেখছে পুলিশ।

সৌরভ গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। হুমকির ঘটনায় তাঁর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles