বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও ইংল্যান্ডের হ্যারি ব্রুককে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। জুলাইয়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার।
গত জুলাই মাসে টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছেন ১৮০ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচটি ড্র হলেও শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে টারুবা টেস্টে বল হাতে আরও উজ্জ্বল ছিলেন গ্রিভস। ম্যাচটিতে ৭ উইকেট নিয়ে পাকিস্তানকে ১২০ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত ৯০ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
জুলাইয়ে দুই টেস্ট খেলে গ্রিভসের ব্যাট থেকে এসেছে ২১৫ রান, সঙ্গে নিয়েছেন ৮ উইকেট। দুই টেস্টেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার। এ ছাড়া জুলাইয়ে দুটি ওয়ানডে খেলে করেছেন ৩২ রান। আইসিসিকে দেওয়া এক বিবৃতিতে গ্রিভস বলেছেন, ‘ঘরের মাঠে খেলতে গিয়ে আমার একটি স্মরণীয় মাস কেটেছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ব্যাট ও বল-দুই বিভাগেই অবদান রাখতে পারার বিষয়টি আমার জন্য বিশেষভাবে আনন্দের।’
টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্স নিয়ে গ্রিভস আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে প্রভাব রাখা পারফরম্যান্স সব সময়ই আমি দারুণভাবে মনে রাখব, বিশেষ করে যখন সেগুলো আমাদের ঘরের দর্শকদের সামনে আসে। দলের হয়ে কিছু গুরুত্বপূর্ণ পারফরম্যান্সে নিজের ভূমিকা রাখতে পেরে আমি আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও আমি এমন জরুরি অবদান রাখতে পারব।’ সতীর্থ ও দলের স্টাফদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে গ্রিভস বলেন, ‘সতীর্থ ও দলের স্টাফদের সহযোগিতার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আগামী মাসগুলোতে এই ধারাবাহিকতা আরও এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি।’


