নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে আজ মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
ইন্দোনেশিয়ার পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন দুই পরীক্ষা। ৬ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য এবার ফাইনাল খেলা। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেছিলেন, ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা বেশ কয়েকবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছি। এবার আমরা সেমির বাধা টপকাতে চাই।’
দলের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি। তাঁর মতে, টপ অর্ডার ভালো শুরু এনে দিতে পারলে বাংলাদেশ ফাইনালে খেলার সুযোগ তৈরি করতে পারবে। গ্রুপ পর্বের ম্যাচগুলোকে তাই বেশ গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক।
জ্যোতি বলেছিলেন, ‘দল হিসেবে আমাদের ব্যাটিং বেশ ভালো হচ্ছে। বিশেষ করে, এই টুর্নামেন্টে টপ-অর্ডাররা যদি ভালো ব্যাট করতে পারে, তবে আমার মনে হয়, আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে আমরা ভারতকে এড়াতে পারব।’
গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ১৩ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।
নারী এশিয়া কাপে বাংলাদেশের স্মৃতিও সুখকর। এখন পর্যন্ত একবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১২ ও ২০২৪ সালের আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত সাতবার শিরোপা জিতেছে তারা। শ্রীলঙ্কা ও বাংলাদেশের ঝুলিতে রয়েছে একটি করে শিরোপা। এবার সেই শিরোপার লড়াইয়ে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।


