ইমরান খানকে নিয়ে কথা বললেই বিপদে পড়বেন পাকিস্তানি ক্রিকেটাররা!

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের ক্রিকেটারদের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কোনো মন্তব্য না করার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যমের সাংবাদিকেরা ইমরানকে নিয়ে ক্রিকেটারদের কাছে প্রশ্ন করতে পারেন-এমন আশঙ্কা থেকেই বোর্ড এই সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে পাকিস্তানের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন তারকা ক্রিকেটার প্রকাশ্যে কথা বলেছেন। ফলে ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তানি ক্রিকেটারদেরও ইমরানকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট চলার সময় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ম্যাচের মধ্যাহ্নবিরতিতে স্কাই স্পোর্টসে সাক্ষাৎকার দেন ইমরান খানের দুই ছেলে সুলাইমান ইসা খান ও কাসিম খান। বাবার কারাবাস ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান তাঁরা। সাক্ষাৎকারটি সম্প্রচার করা নিয়ে পিসিবি আপত্তি জানিয়েছিল।

সাক্ষাৎকারটি প্রচারিত হলে মধ্যাহ্নবিরতির পর পাকিস্তান দল মাঠে না-ও ফিরতে পারে-এমন হুমকি দেওয়ার খবরও তখন প্রকাশিত হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তান দল মাঠে ফিরে খেলা চালিয়ে যায়। পাকিস্তান টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদও জানিয়েছিলেন, মধ্যাহ্নবিরতির সময় ক্রিকেটাররা ওই সাক্ষাৎকার দেখেননি।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে নিয়ে কোনো প্রশ্ন করা হলে রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করার জন্য ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে পিসিবি। বোর্ডের আশঙ্কা, এ ধরনের মন্তব্য ক্রিকেটের বাইরেও নতুন বিতর্ক তৈরি করতে পারে। একই সঙ্গে ইংল্যান্ড সফরে দলের মনোযোগেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে তারা।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ইমরান খানের অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইমরান। তবে ২০২২ সালে প্রধানমন্ত্রিত্ব হারানোর পরও দেশটির রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন।

এদিকে ইংল্যান্ড সফরে লিডসের পর লর্ডস টেস্টেও হেরেছে পাকিস্তান। মাঠের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি ইমরান খানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: এনডিটিভি, পিটিআই

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles