প্রথমবারের মতো পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জাপানের মুখোমুখি হবে ভারত। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের তোচিগি প্রিফেকচার (প্রদেশ) এর সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এক ম্যাচের এই বিশেষ লড়াই।
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ম্যাচটি। সুজুকি কাপ নামে আয়োজিত এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন।
এই ম্যাচটি হবে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের প্রথম ধাপ। দুই দেশের মধ্যে খেলাধুলার সহযোগিতা বাড়ানো এবং জাপানে ক্রিকেটের প্রসার ঘটানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের জন্য ভারতের যে আগ্রহ রয়েছে, সেই লক্ষ্যেও দুই দেশের ক্রীড়া সহযোগিতা জোরদার করার পরিকল্পনা রয়েছে।
ভারতের বিপক্ষে এই ম্যাচকে জাপান ক্রিকেটের জন্য বড় মাইলফলক হিসেবে দেখছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। জেসিএর প্রধান নির্বাহী নাওকি মিয়াজি বলেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে জাপানের ক্রিকেটের ঘরে আমন্ত্রণ জানানো তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
অন্যদিকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ভারতের মতো বড় ক্রিকেট দলের নতুন অঞ্চলে যাওয়া গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জাপান ও পূর্ব এশিয়ার আরও বড় দর্শকের কাছে ক্রিকেটকে পরিচিত করার সুযোগ তৈরি হবে।
পরিসংখ্যানেও ম্যাচটি বিশেষ। জাপান হবে ২০তম দল, যাদের বিপক্ষে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ৪১তম।
এদিকে চলতি মাসের শেষ দিকে এশিয়ান গেমসেরও আয়োজক জাপান। তবে ভারত-জাপান ম্যাচের ভেন্যু সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যু নয়।
ক্রিকেটকে প্রচলিত অঞ্চলগুলোর বাইরে ছড়িয়ে দিতে এই ম্যাচকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিসিসিআই। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে দেশটিতে ক্রিকেটের অবকাঠামো ও জনপ্রিয়তা বাড়ানোর কথাও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ফলে ২২ সেপ্টেম্বরের ম্যাচটি শুধু ভারত ও জাপানের ক্রিকেট লড়াই নয়, দুই দেশের ক্রীড়া ও কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরের উদযাপনেরও একটি ঐতিহাসিক অংশ হয়ে উঠতে যাচ্ছে।


