ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ক্রিকেটে জেসন হোল্ডারের অধ্যায় শেষ হলো আনুষ্ঠানিকভাবেই। প্রায় তিন বছর ধরে ৫০ ওভারের দলে না থাকা এই অলরাউন্ডার ইতোমধ্যে ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’ পডকাস্টে হোল্ডারের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে স্যামি জানান, ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি হোল্ডার নিজেই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। তবে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ার এখনই শেষ হচ্ছে না।

স্যামি বলেন, `জেসন এখনও টেস্ট দলের বিবেচনায় আছে। আমি জানি, সে ওয়ানডে থেকে অবসর নিয়েছে এবং নিজের সিদ্ধান্ত আমাদের জানিয়েছে। সে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যস্ত। তাই কখন তাকে পাওয়া যাবে এবং কোথায় খেলানো সম্ভব হবে, সেটিই এখন আলোচনার বিষয়। তবে টেস্ট ক্রিকেটে তার আগ্রহ এখনো রয়েছে।”

হোল্ডার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে, জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর আর এই সংস্করণে তাকে দেখা যায়নি। গত প্রায় দুই বছর ধরে টেস্ট দলেও অনিয়মিত হলেও টি-টোয়েন্টি এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে ১৩৮ ম্যাচে হোল্ডার ১৫৯ উইকেট নিয়েছেন ৩৬.৯৬ গড়ে। ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে দুইবার। ব্যাট হাতে ১২টি অর্ধশতকে ২৪.৮৫ গড়ে করেছেন ২,২৩৭ রান।

২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া হোল্ডারের অধিনায়কত্বে দলটি খেলেছে ৮৬টি ওয়ানডে। এর মধ্যে জয় এসেছে ২৪ ম্যাচে, আর হার ৫৪টিতে।

আগামী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। ওয়েস্ট ইন্ডিজের সামনে এবারও মূল পর্বে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় সরাসরি সুযোগ না পেলে আবারও খেলতে হবে বাছাইপর্ব।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles