২৮ আগস্ট শুরু হচ্ছে অনূর্ধ্ব-১০ মিনি রাগবি উৎসব

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং কেজিএন মেডিকেয়ার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কেজিএন মেডিকেয়ার অনূর্ধ্ব-১০ মিনি রাগবি ফেস্টিবেল (বালক)-২০২৬’।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আকতার উজ জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি জনাব তারেক চৌধুরী, টুর্নামেন্ট সম্পাদক জনাব মশিউর রহমান সুমন, সহ-সভাপতি জনাব মৌসুম আলী, যুগ্ম-সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম ভরসা, জনাব সাঈদ আহমেদ এবং সদস্য মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

আগামী ২৮ আগস্ট, শুক্রবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী এই ফেস্টিভ্যাল আয়োজিত হবে।

এতে ঢাকার বিভিন্ন ৬টি স্কুল দুটি করে দল থাকবে। মোট ১২টি দল অংশ নিচ্ছে, যেখানে প্রতি দলে ১০ জন করে মোট ১২০ জন ১০ বছরের কম বয়সী ক্ষুদে খেলোয়াড় অংশগ্রহণ করবে।

৪টি গ্রুপে ভাগ করে ১২টি দলের মধ্যে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। চার গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে উঠবে এবং সেমিফাইনালের জয়ী দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে। অন্যদিকে পরাজিত দল দুটি ৩য় ও ৪র্থ স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি জনাব তারেক চৌধুরী বলেন, পরবর্তীতে আরও স্কুলগুলোকে আমরা যুক্ত করার চেষ্টা করবো। খেলোয়াড়রা বেসিক ট্রেনিং পেয়েছে। প্রতিটি স্কুলে কোচ পাঠানো হয়েছিল। দেশব্যাপী রাগবিকে জনপ্রিয় করতে হলে বাচ্চাদের যুক্ত করতে হবে।

তৃণমূলের প্রতিভা অন্বেষণ, শিশুদের প্রাথমিক স্তর থেকেই রাগবি খেলার সাথে পরিচয় করিয়ে দেয়া, শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখা এবং দলীয় সংহতি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন। এছাড়া বাংলাদেশে রাগবি খেলাকে জনপ্রিয় করে তোলা এবং ভবিষ্যতের জন্য জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি করাও এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। এটি কোমলমতি শিশুদের মেধা বিকাশে এক অনন্য সুযোগ তৈরি করবে বলে আয়োজক সংস্থা আশাবাদ ব্যক্ত করেছেন।

মিনি রাগবি ফেস্টিভ্যাল -এ অংশগ্রহণকারী স্কুলের নাম:
মিতালী বিদ্যাপীঠ, সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (শ্যামপুর), মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল ও শহীদ নবী হাই স্কুল

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles