পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামার সুযোগ করে নিয়েছে হায়দরাবাদ কিংসমেন। বুধবার লাহোরে এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানস হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে। এখন দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে হারালেই ফাইনালে উঠবে হায়দরাবাদ।
মা’জ সাদাকাত ও উসমান খানের জোড়া অর্ধশতকে মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার সুযোগ তৈরি করেছে হায়দরাবাদ। টস হেরে মুলতান আগে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই সুবিধা করতে পারেনি। ৫২ রানেই পাঁচটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।
ষষ্ঠ উইকেটে ৩৩ রানের জুটি গড়ে বিপদ কিছুটা সামাল দিয়েছেন শান মাসুদ ও মোহাম্মদ নওয়াজ। কিন্তু ১৯ বলে ৩টি চারে নওয়াজ ১৮ রানে সাজঘরে ফেরেন। এরপর একাই লড়েছেন শান। তিনি অর্ধশতক হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় মুলতান। শান ৪৬ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন। ২টি করে উইকেট নেন আকিফ জাভেদ, হুনাইন শাহ ও মোহাম্মদ আলী।
জবাব দিতে নেমে ১৮ রানেই অধিনায়ক মার্নাস লাবুশেনের (৯ বলে ১১) উইকেট হারায় হায়দরাবাদ। তবে দ্বিতীয় উইকেটে মাত্র ৫৩ বলে ১০২ রানের জুটি গড়েন মা’জ সাদাকাত ও উসমান। এতেই দলকে সহজ জয়ের পথ তৈরি হয়ে যায় হায়দরাবাদের।
দু’জনেই অর্ধশতক হাঁকান। ৩৫ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৪ রানে উসমান বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাদাকাত। তিনি সাইম আইয়ুবের সঙ্গে অবিচ্ছিন্ন থেকে ৪২ রানের জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠার সুযোগ হায়দরাবাদের
মাত্র ১৫.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬২ রান করে জয় তুলে নেয় হায়দরাবাদ। সাদাকাত ফাইনালের আশা বাঁচিয়ে রাখার স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ৩৩ বলে ৪টি করে চার ও ছয়ে ৬৪ রান নিয়ে। স্টিভেন স্মিথ ও মুহাম্মদ ইসমাইল ১টি করে উইকেট নেন।
আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে হায়দরাবাদ। কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদকে হারিয়ে ইতোমধ্যেই ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। আগামী ৩ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর
মুলতান – ১৫৯/৯; ২০ ওভার (শান ৬৯*, নওয়াজ ১৮, সাহিবজাদা ১৫; আকিফ ২/৩০, হুনাইন ২/৩১, মোহাম্মদ আলী ২/৩৪)।
হায়দরাবাদ- ১৬২/২; ১৫.২ ওভার (সাদাকাত ৬৪*, উসমান ৬৪, সাইম ১৫*; স্মিথ ১/১৪, ইসমাইল ১/২২)।
ফল : হায়দরাবাদ কিংসমেন ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মা’জ সাদাকাত।
