আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। আসন্ন আইপিএলকে সামনে রেখে ফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা।
এরপরই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে দাবি তুলে ভারতীয়দের একটি অংশ ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা শুরু করে। আইপিএল কর্তৃপক্ষকে হুমকিও দেন। এসব ঘটনার ধারাবাহিকতায় কলকাতাকে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কলকাতা গতকাল এক ঘোষণায় টাইগার পেসারকে ছাড়ার ঘোষণা দেয়।
এদিকে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়েছিল। ফিজকে বাদ দেওয়ার ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা খতিয়ে দেখার কথা বলছেন ফারুকী। তিনি ফেসবুকে লেখেন,
আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।
এছাড়া ফারুকী লেখেন,‘ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই। কিন্তু আপনারা যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর- এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















