এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সফরকারীদের ১৫৪ রানের জবাবে ১৩৩ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা।
এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। এদিন ম্যাচ জেতার সম্ভাবনা শেষ হয় মূলত ৩টি রান আউটে। এক ম্যাচে বাংলাদেশের এর চেয়ে বেশি রান আউটের ঘটনা আছে স্রেফ দুইটি। ২০১৪ সালে ভারত ও ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৪টি করে। তবে রান তাড়ায় দারুণ শুরু করে বাংলাদেশ৷ কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৪৬ রান তোলেন দিলারা আক্তার দোলা ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।
সপ্তম ওভারে আক্রমণে এসে উদ্বোধনী জুটি ভাঙেন কাভিশা দিলহারি। ২৩ বলে ৪ চারে ২৩ রান ফেরেন দিলারা। আরেক ওপেনার জয়িতা ইতিবাচক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে দশম ওভারে রান আউটে কাটা পড়েন তরুণ এই ব্যাটার। ২৩ কলে ৩ চারে ও ১ ছক্কায় তিনি খেলেন ২৯ রানের ইনিংস।
এরপর জয়িতার মতোই রান আউটে থামতে হয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭ বলে ৭ রানে। সোবহানা মোস্তারি ০ রানে রান আউট। তিনটি রান আউটেই অন্য প্রান্তে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। ছয় নম্বরে নেমে এদিন তেমন কিছু করতে পারেননি প্রথম ম্যাচে ঝড় তোলা স্বর্ণা আক্তার। ফলে নিশ্চিত পরাজয়ের দিকে এগোতে থাকে বাংলাদেশ। ১২ রান করে আউট হন স্বর্ণা।
শেষ পর্যন্ত খেলে ৪ চারে ৪৭ বলে ৪৫ রান করেন সুপ্তা। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট নেন কাভিশা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। পঞ্চম ওভারে হাসিনি পেরেরাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন ফারিহা ইসলাম তৃষ্ণা। এরপর প্রতিরোধের চেষ্টা করেন ইমেশা দুলানি ও অধিনায়ক চামারি আতাপাত্তু।
এই জুটিতে বেশি দূর যেতে দেননি একাদশে ফেরা রিতু মনি। ১১তম ওভারে ২৭ রান করা দুলানি ফিরলে ৩৭ বলে ৪৪ রানের জুটি। শুরু থেকে খেলতে থাকা আতাপাত্তুকে থামান সুলতানা খাতুন। লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে ৬ চারে ৩৭ বলে ৪২ রানের ইনিংস। এরপর ঝড় তোলেন হার্শিতা মাধবি ও নিলাকশিকা সিলভা। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে মাত্র ৩৭ বলে যোগ করেন ৬১ রান। শেষের কয়েক ওভারে গড়ে ১০ রান করে নেয় সফরকারীরা। ইনিংসের শেষ বলে আউট হওয়া হার্শিতা ৪ চার ও ২ ছক্কায় ২৯ বলে করেন ৪৯ রান। নিলাকশিকা সিলভার ব্যাট থেকে আসে ১৮ বলে ২২ রান। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফারিহা, নাহিদা আক্তার, রিতু ও সুলতানা। একই মাঠে আগামীকাল শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ২০ ওভারে ১৫৪/৪
বাংলাদেশ ২০ ওভারে ১৩৩/৫
শ্রীলঙ্কা ২১ রানে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















