কার মুখে ফুটবটে শেষ সোনারি হাসি! লিওনেল মেসি নাকি লামিনে ইয়ামাল? ফুটবল দুনিয়ার সব চোখ নিউ জার্সিতে। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল নিয়ে সারা দুনিয়ায় উৎসবের আমেজ।
ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। শৈল্পিক ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। দক্ষিণ আমেরিকার আবেগঘন ফুটবল আর ইউরোপীয় কৌশলনির্ভর খেলার লড়াইয়ে জমে উঠবে ফাইনাল-এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।
আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ ছিল কঠিন। নকআউট পর্বে একাধিক ম্যাচে প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ সামলে এগোতে হয়েছে লিওনেল স্কালোনির দলকে। অভিজ্ঞ লিওনেল মেসির গোল, অ্যাসিস্ট ও নেতৃত্ব দলকে বারবার বিপদ থেকে উদ্ধার করেছে। ৩৯ বছর বয়সেও নিজের পারফরম্যান্সে তিনি প্রমাণ করে চলেছেন, বয়স কেবলই একটি সংখ্যা।
অন্যদিকে, লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। বল দখল, দ্রুত পাসিং ও সংগঠিত আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখাই তাদের বড় শক্তি। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে ওঠা স্পেন এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে।
ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ হতে পারে লিওনেল মেসি ও তরুণ বিস্ময় লামিন ইয়ামালের মধ্যে। বার্সেলোনার লা মাসিয়ার দুই ভিন্ন প্রজন্মের এই দুই তারকার লড়াই ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
একদিকে বিদায়ের প্রান্তে দাঁড়িয়ে থাকা কিংবদন্তি মেসি, অন্যদিকে বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার অপেক্ষায় থাকা ইয়ামাল। তবে ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে মেটলাইফ স্টেডিয়ামের পিচ ও আবহাওয়াও।
মাঠের মান নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন খেলোয়াড় ও কোচরা। পাশাপাশি প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং গরম আবহাওয়া দুই দলের জন্যই বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে বিশ্বকাপের এই ফাইনালে গর্জনের চেয়ে বেশি থাকবে ফুটবলীয় সৌন্দর্যের প্রদর্শনী। দুই দলের লক্ষ্য একটাই-শৈল্পিক নৈপুণ্যে বিশ্বকাপের সোনালি ট্রফি নিজেদের করে নেওয়া।


