গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে টপকে গেলেন এমবাপ্পে

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে ব্যক্তিগত পুরস্কারের লড়াইও জমে উঠেছে। গোল্ডেন বুট জয়ের পথে সবচেয়ে এগিয়ে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। তবে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জয়ের দৌড়ে এখনও সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পে। যদিও ফ্রান্স ৬-৪ ব্যবধানে হেরে যায়, তবুও এই দুই গোলের সুবাদে চলতি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। অন্যদিকে মেসির গোল ৮টি। ফলে গোল্ডেন বুট জিততে হলে স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে অন্তত দু’টি গোল করে এমবাপ্পের সমতায় ফিরতে হবে, আর তিনটি গোল করলে তিনি এককভাবে শীর্ষে উঠে যাবেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে দুজনেরই গোল ছিল সমান ৮টি। তবে একটি বেশি অ্যাসিস্ট থাকায় তখন টাইব্রেকারে এগিয়ে ছিলেন মেসি। এমবাপের জোড়া গোল সেই সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে।

তবে গোল্ডেন বুট হাতছাড়া হলেও মেসিকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গোল্ডেন বল পুরস্কারকে ঘিরে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক টানা দ্বিতীয়বারের মতো দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালে গোল্ডেন বল জিতে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে দুইবার এই সম্মান অর্জন করেছেন তিনি। এবার জিততে পারলে সেটি হবে তাঁর রেকর্ড তৃতীয় গোল্ডেন বল।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসিকে নিয়ে বলেন, “সে ইতিহাস। সে একজন কিংবদন্তি।”

মেসির দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যক্তিগত অপূর্ণতা এখনও গোল্ডেন বুট। আটটি ব্যালন ডি’অরসহ প্রায় সব বড় ব্যক্তিগত অর্জন তাঁর ঝুলিতে থাকলেও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এখনও জেতা হয়নি।

অন্যদিকে এমবাপে নিজের দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর এবারও সেই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার তিনি। পাশাপাশি ১৯৭০ সালে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে এক আসরে ১০ গোল করার কীর্তিও গড়েছেন ফরাসি এই তারকা।

যদি মেসি ফাইনালে এমবাপেকে টপকে গোল্ডেন বুট জেতেন এবং আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারে, তাহলে ২০০২ সালে ব্রাজিলের রোনালদোর পর প্রথম ফুটবলার হিসেবে একই বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে গোল্ডেন বুট জয়ের নজির গড়বেন তিনি।

এদিকে স্পেনের খেলোয়াড়রাও ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে শক্ত অবস্থানে আছেন। গোল্ডেন গ্লাভসের অন্যতম দাবিদার গোলরক্ষক উনাই সিমন, যিনি সাত ম্যাচে মাত্র এক গোল হজম করেছেন। আর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল ২১ বছর বা তার কম বয়সী ফুটবলারদের জন্য দেওয়া সেরা উদীয়মান খেলোয়াড় পুরস্কারের অন্যতম ফেভারিট।

বিশ্বকাপের গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রস্তুত করা সংক্ষিপ্ত তালিকা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্ধারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles