আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথকে ফুটবলের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা বললেন ফাওলার

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এই ম্যাচকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও আবেগঘন প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বর্ণনা করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা রবি ফাওলার।

ফাওলারের মতে, এটি শুধুমাত্র দুই ফুটবল পরাশক্তির লড়াই নয়, বরং ইতিহাস, আবেগ এবং অসংখ্য স্মরণীয় ঘটনার সমন্বয়ে গড়ে ওঠা এক বিশেষ দ্বৈরথ।

তিনি বলেন, ‘এটি ফুটবলের অন্যতম ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী লড়াই। শুধু বিশ্বকাপের ইতিহাস নয়, দুই দেশের পারস্পরিক ইতিহাসও এই ম্যাচকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ম্যারাডোনার গোল, ডেভিড বেকহ্যামের লাল কার্ড, তার পেনাল্টি কিংবা ফকল্যান্ডস যুদ্ধের প্রেক্ষাপট, সব মিলিয়ে এটি সাধারণ কোনো ফুটবল ম্যাচ নয়।’

সেমিফাইনালের ভাগ্য অনেকটাই নির্ধারিত হবে মাঝমাঠের লড়াইয়ে বলেও মনে করেন সাবেক এই ইংলিশ তারকা।

ফাওলার বলেন, ‘ইংল্যান্ডকে খুবই সুশৃঙ্খল থাকতে হবে। রক্ষণভাগে অতিরিক্ত নিচে নেমে গেলে তারা নিজেদের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করবে। আর্জেন্টিনা বলের দখল ধরে রেখে মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে চাইবে। তাই ইংল্যান্ডকে রক্ষণাত্মকভাবে খুব সংগঠিত থাকতে হবে।’

একই সঙ্গে তিনি মনে করেন, এমন ম্যাচে কৌশলগত পার্থক্যের চেয়ে মানসিক দৃঢ়তাই বড় ভূমিকা রাখে।
‘টুর্নামেন্টের এই পর্যায়ে দলগুলোর মধ্যে টেকনিক্যাল ব্যবধান খুব কম থাকে। সেরা দলগুলো চাপের মধ্যেও নিজেদের পরিকল্পনায় অটল থাকে। পিছিয়ে পড়লেও তারা আতঙ্কিত হয় না। অনেক সময় একটি সিদ্ধান্ত, একটি মুহূর্ত কিংবা কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যই ম্যাচের ভাগ্য বদলে দেয়,’ যোগ করেন ফাওলার।

তার মতে, এই ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রণ, মানসিক শক্তি এবং বড় মুহূর্তগুলো কাজে লাগানোর সক্ষমতাই নির্ধারণ করবে কে ফাইনালের টিকিট কাটবে।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার অপেক্ষায় ইংল্যান্ড। ফলে মায়ামির সেমিফাইনালটি শুধু একটি ম্যাচ নয়, বরং ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় লেখার মঞ্চও বটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles