বয়স যে কেবল একটি সংখ্যা, সেটিই যেন বারবার প্রমাণ করে চলেছেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি মিউরা। বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হিসেবে প্রায় চার বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ৫৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ম্যাচে গোলের দেখা পান মিউরা। ম্যাচের ৫২তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশে দলের পঞ্চম গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফুকুশিমা।
এটি ছিল ২০২২ সালের নভেম্বরের পর মিউরার প্রথম প্রতিযোগিতামূলক গোল। সর্বশেষ তিনি সুজুকা পয়েন্ট গেটার্সের জার্সিতে এসি ওসাকার বিপক্ষে গোল করেছিলেন।
১৯৮৬ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মিউরা। এরপর ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবেও খেলেছেন তিনি। জাপান জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা এই কিংবদন্তি ২০০০ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
সম্প্রতি ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে থাকার মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন মিউরা। ফলে পেশাদার ফুটবলে তার ক্যারিয়ার গড়াবে ৪২তম মৌসুমে, যা বিশ্ব ফুটবলেও বিরল এক নজির।
জাপানি ফুটবলপ্রেমীদের কাছে ‘কিং কাজু’ নামে পরিচিত মিউরা ১৯৯৩ সালে জে-লিগ শুরুর পর থেকেই দেশটির ফুটবলের অন্যতম বড় প্রতীক। বয়স ৬০ ছুঁলেও এখনই থামার কোনো ইচ্ছা নেই তার। বরং মাঠেই থেকে আরও দীর্ঘ সময় খেলে যাওয়ার স্বপ্ন দেখছেন এই কিংবদন্তি ফুটবলার।


