সমালোচনা ও বিভাজনের মুখে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প বাতিল

বিতর্ক ও বিভাজনের কারণে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প আর এগিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সদস্য দেশগুলোর মতামত শোনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন, বিশ্বজুড়ে ফিফার সদস্য দেশগুলোকে আরও শক্তিশালী করা এবং ফুটবলের উন্নয়নে সহায়তা বাড়ানোর লক্ষ্যেই ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল। বিশেষ করে যেসব দেশে ফুটবলের উন্নয়নে সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, সেসব দেশের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে উল্লেখ করেন তিনি।

ইনফান্তিনো জানান, শুরু থেকেই এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ফিফার সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশের সমর্থনকে গুরুত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি সদস্য দেশ, ফিফা কাউন্সিল, বিভিন্ন কনফেডারেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।

তবে প্রকল্পটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত শোনার পর পরিস্থিতি ভিন্ন বলে মনে হয়েছে বলে জানান ফিফা সভাপতি। তাঁর ভাষায়, প্রকল্পটি এমন বিভাজন তৈরি করেছে, যা এখন আর মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে প্রকল্পটির পক্ষে যতটুকু সমর্থনই থাকুক না কেন, বর্তমান পরিস্থিতিতে এটি আর এগিয়ে নেওয়া ফিফার মূল লক্ষ্যের স্বার্থে হবে না।

ইনফান্তিনো বলেন, ফিফার মূল উদ্দেশ্য সবসময়ই ছিল ফুটবলকে ঐক্যবদ্ধ করা এবং এর উন্নয়ন ঘটানো। ভবিষ্যতেও সেই লক্ষ্যেই কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফিফা সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রস্তাবিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পটি আর বাস্তবায়ন করা হবে না।

তবে প্রকল্পটি বাতিলের পরও আলোচনা ও সহযোগিতার পথ খোলা রাখার বার্তা দিয়েছেন ইনফান্তিনো। আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ফিফা সভাপতির লক্ষ্য, পারস্পরিক স্বার্থ ও ফুটবলের উন্নয়নের বিষয়টি সামনে রেখে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করা। বিশেষ করে যেসব দেশে ফুটবলের উন্নয়নে সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, সেসব দেশে সহযোগিতা আরও বাড়ানোর মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলের বিকাশ অব্যাহত রাখতে চান তিনি।

এর ফলে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও, বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে নতুন করে সমন্বয় ও সহযোগিতার পথ খুঁজতে চাইছে ফিফা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles