প্রিমিয়ার লিগে বাড়ছে দল, ওয়ান্ডারার্স-আরামবাগকে সুযোগ দিল বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ২০২৫-২৬ মৌসুম শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলমান দলবদলের মধ্যেই জরুরি নির্বাহী সভায় লিগে দলের সংখ্যা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় হওয়া ঢাকা ওয়ান্ডারার্স এবং গত মৌসুমে অবনমিত হওয়া আরামবাগ ক্রীড়া সংঘ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছে।

প্রায় দুই মাস আগে প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার আবেদন করেছিল ঢাকা ওয়ান্ডারার্স। তখন বাফুফে আবেদনটি আমলে না নিলেও প্রায় দুই সপ্তাহ আগে আবারও আবেদন করে ক্লাবটি। অবশেষে জরুরি সভায় তাদের আবেদন অনুমোদন দিয়েছে ফেডারেশন।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ অবনমিত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই রেলিগেশন কার্যত বাতিল করেছে বাফুফে। ফলে আরামবাগও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছে।

অন্যদিকে ফকিরেরপুল বর্তমানে ফুটবলারদের বকেয়া পারিশ্রমিকসংক্রান্ত কারণে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারাও প্রিমিয়ার লিগে খেলতে পারবে।

এদিকে দেশের দুই শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসও এখনো ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। যদিও দলবদলের সময়সীমা ৩ সেপ্টেম্বর পর্যন্ত, তবে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া ৪ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

মূলত এই জটিল পরিস্থিতি সামাল দিতেই জরুরি ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। উল্লেখ্য, ১ জুন দলবদল শুরু হওয়ার কথা থাকলেও আবাহনী ও বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞার কারণে কয়েক দফা পিছিয়ে তা শুরু হয় ১০ জুলাই। এর মধ্যে আবাহনী তাদের দুটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সক্ষম হলেও বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এখনো ১০টির বেশি নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ফিফার নির্দেশনা অনুযায়ী আমাদের অন্তত ১০ দলের একটি লিগ আয়োজন করতে হবে। বর্তমানে আবাহনী, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞার কারণে আমরা ইতোমধ্যে দলবদলের সময়সীমা বাড়িয়েছি। আরও পিছালে অক্টোবরের আগে লিগ শুরু করা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘এ কারণে গত মৌসুমের দুটি রেলিগেশন প্রত্যাহার করা হয়েছে এবং চ্যাম্পিয়নশিপ লিগের তৃতীয় দল ঢাকা ওয়ান্ডারার্সকে প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। যদি আবাহনী, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুলের নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে ১৩ দলের লিগ হবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকলে ১০ দল নিয়েই লিগ আয়োজন করা হবে।’
প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা ওয়ান্ডারার্সের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। তিনি বলেন, ‘আমরা দুই মাস আগেই আবেদন করেছিলাম। অবশেষে ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক দল গঠনের চেষ্টা করব। আমাদের আগের খেলোয়াড়দের পাশাপাশি অন্য ক্লাব থেকেও ফুটবলার নেওয়ার পরিকল্পনা আছে। বিদেশি খেলোয়াড়ও দলে ভেড়ানোর চেষ্টা করব।’

উল্লেখ্য, এক মৌসুম আগে দীর্ঘ বিরতির পর প্রিমিয়ার লিগে ফিরেছিল ঢাকা ওয়ান্ডারার্স। তবে টিকে থাকতে না পেরে আবার চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যায় দলটি। গত মৌসুমে তারা তৃতীয় স্থান অর্জন করলেও বিশেষ পরিস্থিতির কারণে এবার সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেল। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি এবং রানার্সআপ সিটি ক্লাব আগেই প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles