আলেগ্রির পরিকল্পনায় নেই লুকাকু, এমএলএসে যাওয়ার পথে বেলজিয়ান তারকা

নাপোলিতে রোমেলু লুকাকুর সময় শেষের পথে। নতুন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির পরিকল্পনায় জায়গা হারানো এই বেলজিয়ান স্ট্রাইকারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেড।

২০২৪ সালে চেলসি থেকে তিন বছরের চুক্তিতে নাপোলিতে যোগ দেন লুকাকু। প্রথম মৌসুমেই ইতালিয়ান ক্লাবটির সিরি ‘আ’ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে পরের মৌসুমে চোটের কারণে ছন্দ হারিয়ে ফেলেন। ২০২৫-২৬ মৌসুমে লিগে খেলতে পেরেছেন মাত্র পাঁচটি ম্যাচ।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন আর নাপোলির প্রথম পছন্দ নন। বিশেষ করে রাসমুস হয়লুন্ড দলে যোগ দেওয়ার পর আক্রমণভাগে প্রতিযোগিতা আরও বেড়ে গেছে। নতুন কোচ আলেগ্রির পরিকল্পনাতেও লুকাকুর ভূমিকা সীমিত হয়ে পড়েছে।

সম্প্রতি লুকাকুর এজেন্টও তার ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, যেখানে তাকে আর প্রয়োজন মনে করা হয় না, সেখানে থেকে যেতে চান না লুকাকু।
বেলজিয়ান সাংবাদিক সাশা তাভোলিয়েরির দাবি, লুকাকুকে দলে ভেড়ানোর বিষয়ে ইতোমধ্যে নাপোলির সঙ্গে আলোচনা শুরু করেছে আটলান্টা ইউনাইটেড। নাপোলি ছাড়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মতিও দিয়েছেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। যদিও দুই পক্ষের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, প্রায় এক কোটি ইউরোর প্রস্তাব পেলেই লুকাকুকে ছেড়ে দিতে প্রস্তুত নাপোলি। তবে সম্ভাব্য ক্রেতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে তার বেতন। বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ ইউরো পারিশ্রমিক পান এই অভিজ্ঞ স্ট্রাইকার।
সবকিছু ঠিক থাকলে ইউরোপ ছেড়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পারেন লুকাকু। এমএলএসে যোগ দিলে এটি হবে তার ক্লাব ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মোড়।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles