ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু

ম্যাচ চলাকালে প্রচণ্ড বৃষ্টি। তখন মাঠে ফুটবল খেলছে দুটি দল। কিন্তু হঠাৎ খেলোয়াড়দের আশপাশে এক তীব্র আলোর ঝলকানিতে আলোকিত মাঠ। তারপর কানফাটা বিকট শব্দ। আলো নিভতেই আগুন ও ধোঁয়ার মেঘ বাতাসে ছড়িয়ে পড়ে। এক হৃদয়বিদারক দৃশ্য!

থাইল্যান্ডের এক স্থানীয় ম্যাচ চলাকালে এমনই ভয়াবহ বজ্রপাতে শোকের ছায়া নেমে এলো ফুটবল মাঠে। মাত্র ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ায়ে বজ্রপাতের বিধ্বংসী শক্তির শিকার হন। আতঙ্কিত খেলোয়াড় ও দর্শকরা ছুটোছুটি করতে থাকেন।

আর ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ভয়াবহ বজ্রপাত আঘাত করল খেলোয়াড়দের কাছেই। সাফওয়ানের সতীর্থরা দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন। তাকে চিৎ করে শুইয়ে দিয়ে বাঁচাতে চেষ্টা করেন। দ্রুত স্ট্রেচার আনা হয়। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি সাফওয়ানকে।

পুলিশ প্রধান থুন সিরিখুন্তের বরাত দিয়ে বারনামা প্রতিবেদনে জানায়, জরুরি চিকিৎসক দলের প্রাণান্তকর চেষ্টাতেও বাঁচতে পারেননি সাফওয়ান। বজ্রপাতের আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে তার।

থাইল্যান্ডের দক্ষিণের শহর সুঙ্গাই গোলকের সান্তিফাপ স্টেডিয়ামে গোলক এফএ কাপে থাই-মালয়েশিয়ান দল সামকোল্টস ও আবু নং সিরিন মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে মর্মান্তিক ঘটনায় আরও ১২ ফুটবলার আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের প্রত্যেককে হাসপাতালে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডে ভয়াবহ বজ্রপাতের ঘটনা নতুন নয়। রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটিতে বজ্রপাতে অন্তত ২৮৩ জন মারা গেছেন।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles