বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। অনুশীলনের সময় ডান পায়ের কাফে চোট পেয়েছেন অ্যাশেজের নায়ক পেসার মাইকেল নেসার। তবে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই সুস্থ হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার।
প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোট কাটিয়ে দলে ফেরায় আগামী বৃহস্পতিবার ডারউইনে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৩ সদস্যের দলে জায়গা হয়নি নেসারের। তবে মূল পেসারদের কেউ চোটে পড়লে বিকল্প হিসেবে প্রস্তুত ছিলেন তিনি। সেই লক্ষ্যেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু চলতি সপ্তাহে দৌড়ানোর সময় হঠাৎ কাফে চোট পান। চিকিৎসকদের মতে, পুনর্বাসনে প্রায় এক মাস সময় লাগবে। এরপর ধীরে ধীরে বোলিংয়ের চাপ বাড়িয়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত করা হবে তাকে।
২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের বড় চোট পাওয়ার পর এবারই প্রথম দীর্ঘ সময় চোটমুক্ত ছিলেন নেসার। গত অ্যাশেজ সিরিজে কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করে ১৫ উইকেট শিকার করেন তিনি। গাব্বায় ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট এবং মেলবোর্ন ও সিডনিতে দুটি চার উইকেট নেওয়ার কৃতিত্বও দেখান এই পেসার। তার পারফরম্যান্সেই ৪-১ ব্যবধানে অ্যাশেজ জেতে অস্ট্রেলিয়া।
এদিকে, অস্ট্রেলিয়ার অনুশীলন শিবিরে আরেকটি ছোট উদ্বেগের কারণ হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। অনুশীলনের সময় পিঠে খিঁচুনি অনুভব করলেও সেটি পুরোনো সমস্যার পুনরাবৃত্তি বলে জানিয়েছে দল। ফলে শনিবার ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে তার কোনো সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ সফরকারী দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে যুক্ত করা হয়েছে কুইন্সল্যান্ডের বাঁহাতি ব্যাটার জ্যাক ক্লেটনকে। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ায় ভিক্টোরিয়ার টম রজার্সের পরিবর্তে দলে এসেছেন তিনি। প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে নেতৃত্ব দেবেন নিউ সাউথ ওয়েলসের অভিজ্ঞ ব্যাটার কার্টিস প্যাটারসন।


