দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম

ব্যক্তিগত কারণে দ্য হান্ড্রেডের বাকি আসর থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এইডেন মার্করাম। ইতোমধ্যে তিনি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। তাঁর অনুপস্থিতিতে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। একই সঙ্গে মার্করামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে।

বুধবার এক বিবৃতিতে ম্যানচেস্টার সুপার জায়ান্টস জানায়, ব্যক্তিগত কারণেই মার্করাম দেশে ফিরে গেছেন এবং চলতি মৌসুমে তিনি আর দলের হয়ে খেলবেন না। ক্লাবের পক্ষ থেকে তাঁর প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়েছে, টুর্নামেন্টে দলের জন্য দেওয়া অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হচ্ছে।

চলতি বছরের মার্চে খেলোয়াড় নিলামের পর ম্যানচেস্টার সুপার জায়ান্টসের অধিনায়ক করা হয়েছিল মার্করামকে। আইপিএলের লখনউ সুপার জায়ান্টস ও এসএ২০-এর ডারবান সুপার জায়ান্টসের মতো দ্য হান্ড্রেডের এই দলটিও একই মালিকানার অধীনে হওয়ায় তিন ফ্র্যাঞ্চাইজিতেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

মার্করামের নেতৃত্বে মৌসুমের শুরুটা ভালোই করেছিল ম্যানচেস্টার। প্রথম দুই ম্যাচে জয় পেলেও পরের তিনটিতে হেরে কিছুটা চাপে পড়ে দলটি। ব্যক্তিগত পারফরম্যান্সেও শুরুতে ছন্দে ছিলেন না মার্করাম। প্রথম চার ইনিংসে করেন মাত্র ৬৭ রান। তবে সর্বশেষ ম্যাচে ওভালে দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

মার্করামের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পাচ্ছেন জস বাটলার। দ্য হান্ড্রেডের প্রথম তিন মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির (তৎকালীন ম্যানচেস্টার অরিজিনালস) অধিনায়ক ছিলেন তিনি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর এটিই বাটলারের প্রথম অধিনায়কত্বের দায়িত্ব।

এদিকে মার্করামের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সী নিউজিল্যান্ড অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। সম্প্রতি তিনি গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। গত বছর দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে অংশ নিলেও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। নির্ধারিত সময়ের কারণে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তাঁকে পাওয়ার আশা করছে ম্যানচেস্টার।

মার্করামের বিদায়ের ফলে চলতি আসরে প্রথমবারের মতো একাদশে পরিবর্তন আনতে হচ্ছে ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে। প্রথম পাঁচ ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছিল দলটি। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এখন শেষ দুটি ম্যাচে ভালো ফলের বিকল্প নেই তাদের।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles