বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত মেসি পরিবার। বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার সকালে ফোর্ট লডারডেল, ফ্লোরিয়া থেকে রওনা দেন মেসি। দীর্ঘ যাত্রা শেষে স্থানীয় সময় রাত ৮টার কিছু পর আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছান তিনি। এখন পরিবারের সদস্যদের সঙ্গে শোকের সময় কাটাচ্ছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। বিশেষ করে মা সেলিয়ার পাশে থাকবেন মেসি।

হোর্হে মেসির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ বিদায়ের আয়োজন রাখা হয়েছে ব্যক্তিগত ও সীমিত পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই অনুষ্ঠিত হবে শেষকৃত্য। তবে বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রোজারিওর একটি কবরস্থানের বাইরে জড়ো হন মেসির অসংখ্য ভক্ত। প্রিয় তারকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন।

হোর্হে মেসির মৃত্যুতে শোকবার্তা এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। মেসির দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ ফুটবল বিশ্বের অনেক ক্লাব ও সংগঠন মেসি পরিবারকে সমবেদনা জানিয়েছে।

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই ছেলের প্রতিভায় আস্থা রেখেছিলেন তিনি। মেসির ক্যারিয়ারের প্রথম দিকের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন হোর্হে। মাত্র ১৩ বছর বয়সে ছেলেকে নিয়ে স্পেনে পাড়ি জমানোর সিদ্ধান্তেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। পরবর্তী সময়ে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে মেসির জায়গা পাওয়ার পথ তৈরি হয়।

ছেলের বিশ্বসেরা হয়ে ওঠার পুরো যাত্রায় ছায়ার মতো পাশে ছিলেন হোর্হে। মেসির অসাধারণ সাফল্যের নেপথ্যে তাঁর বাবার অবদান তাই অনস্বীকার্য। ফুটবলবিশ্বে মেসি যতই বড় তারকা হয়ে উঠেছেন, তাঁর ক্যারিয়ার ও ব্যবসায়িক বিষয় দেখাশোনাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হোর্হে।

বাবাকে শেষ বিদায় জানানোর পর মেসির আবার মায়ামিতে ফেরার কথা রয়েছে। তবে এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে থাকার জন্য তাঁকে প্রয়োজনীয় সময় দিয়েছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি।

মেসির জন্য এটি নিঃসন্দেহে এক আবেগঘন ও কঠিন সময়। বিশ্ব ফুটবলের কোটি কোটি ভক্ত যখন তাঁর সাফল্য উদ্‌যাপন করেন, সেই সাফল্যের নেপথ্যে থাকা অন্যতম প্রধান মানুষ হোর্হে মেসিকে এবার শেষ বিদায় জানাতে নিজ শহরে ফিরেছেন তাঁর কিংবদন্তি ছেলে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles