চোটের ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স

ফ্রান্স জাতীয় দলে যেন চোটের মিছিল থামছেই না। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে নতুন করে বিপাকে পড়েছে দলটি। এবার চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ইন্টার মিলানের স্ট্রাইকার মার্কাস থুরাম। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড জুনিয়র ক্রুপি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বোর্নমাউথে যোগ দেওয়ার আগে ২০২৪-২৫ মৌসুমে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব লরিয়ঁর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ক্রুপি। ওই মৌসুমে ২২ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পান তিনি।

মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন পাঁচটি ম্যাচ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক আসরেই ১৩ গোল করে নজর কাড়েন তিনি। তবে পায়ের চোটের কারণে চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র চারটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন।

অন্যদিকে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন থুরাম। গত সেপ্টেম্বর-অক্টোবরে কোচ জিনেদিন জিদানের প্রথম স্কোয়াডে জায়গা না পেলেও নেশন্স লিগে ইতালি ও তুরস্কের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গত শুক্রবার ঘোষিত ২৩ সদস্যের দলে ফিরেছিলেন তিনি। কিন্তু দলে ফেরার মাত্র তিন দিনের মাথায় আবারও ছিটকে যেতে হলো ৩৫ ম্যাচে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা এই ফরোয়ার্ডকে।

এর আগে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে যান পিয়েরে কালুলু। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন কুম্বেদি।

এদিকে চোটের কারণে আগে থেকেই দলের বাইরে রয়েছেন ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা, জুল কুন্দে ও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। আগামী বৃহস্পতিবার মিলানে ইতালির বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর রোববার নিজেদের মাঠে তুরস্কের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইতালির বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে ফ্রান্স। বর্তমানে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে জিদানের দল।

spot_imgspot_img
spot_img

Related Articles