সিলেটে ৫ উইকেট নিয়ে হাসানের রেকর্ড

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের। ব্যাট হাতে রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের আগে ৮ উইকেটে ৩২২ রান সংগ্রহ করেছে সফরকারীরা। বাংলাদেশের হয়ে এই সেশনে তিন উইকেট নিয়ে নিজের পঞ্চম টেস্ট ফাইফার পূর্ণ করেছেন হাসান মাহমুদ। গড়েছেন নতুন রেকর্ডও।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেটের ইনিংস এখন হাসানের। এই সংস্করণে এটি তাঁর পঞ্চম ফাইফার। দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে নিয়ে দারুণ ছন্দে ছিলেন ডানহাতি এই পেসার। একের পর এক উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে চাপ তৈরি করেন তিনি। সব মিলিয়ে ৮৬ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন হাসান।

তাঁকে ভালো সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ। তাঁর শিকার দুটি উইকেট। অন্যদিকে একটি উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

লাঞ্চের আগে শেষ বলেই শামার জোসেফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন মিরাজ। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটার। বিরতিতে জোমেল ওয়ারিক্যানকে সঙ্গে নিয়ে অপরাজিত ছিলেন জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১৩৩ রান করেছেন আমির জাঙ্গু। এ ছাড়া জাস্টিন গ্রিভস ৫১ এবং অ্যালিক অ্যাথানাজে উইকহ্যাম ৬১ রান করেন। লাঞ্চে যাওয়ার আগে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৯৫ ওভারে ৮ উইকেটে ৩২২ রান।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩২২/৮ (৯৫ ওভার)। জাঙ্গু ১৩৩, উইকহ্যাম ৬১, গ্রিভস ৫১; হাসান ৫/৮৬, তাসকিন ২/৮৩, মিরাজ ১/৬৯।

spot_imgspot_img
spot_img

Related Articles