চাইনিজ তাইপেকে ৭-০ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

চীনের মকিতে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। নিজেদের প্রথম ম্যাচেই চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। দ্রুত পাস আর একের পর এক আক্রমণে চাইনিজ তাইপের রক্ষণভাগকে চাপে রাখে তারা। বেশ কয়েকটি সুযোগ তৈরির পর ডেডলক ভাঙতে সফল হয় বাংলাদেশ। ২০ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন কনা আক্তার। তার গোলে এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আঘাত হানতে থাকেন ইমা ও আইরিন আক্তার রিয়া। দুজনের দুর্দান্ত নৈপুণ্যে আসে জোড়া গোল করে (৩২ ও ৩৪ মিনিট)। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে যায়। চাইনিজ তাইপে চেষ্টা করেও বাংলাদেশের আক্রমণ ঠেকাতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করে প্রতিপক্ষের বৃত্তে ঢুকে পড়তে থাকে বাংলাদেশের মেয়েরা। গোলের ব্যবধান বাড়ানোর পাশাপাশি রক্ষণেও ছিল শৃঙ্খলিত পারফরম্যান্স। ফলে চাইনিজ তাইপে তেমন কোনো কার্যকর সুযোগই তৈরি করতে পারেনি।

চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণ যেন আরও ভয়ংকর হয়ে ওঠে। এ সময় সামনে থেকে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক সারিকা রিমন। দুর্দান্ত দক্ষতায় ৩৫ ও ৩৮তম মিনিটে পরপর দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

পরে ৫১ ও ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও দুই গোল পায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত কনা আক্তারের এক গোল, ইমা ও আইরিন আক্তার রিয়ার জোড়া গোল এবং অধিনায়ক সারিকা রিমনের জোড়া গোলে ৭-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। বড় ব্যবধানে জয়ের ফলে গোল ব্যবধানেও শক্ত অবস্থান তৈরি হয়েছে লাল-সবুজের দলটির। এখন এই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচগুলোতেও দাপট দেখিয়ে টুর্নামেন্টে আরও দূর এগিয়ে যাওয়াই বাংলাদেশের লক্ষ্য।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles