রবিবারের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া
চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি ২০২৬- এর পুল ‘বি’- এর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ পুরুষ দল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। চীনের ইনার মঙ্গোলিয়ার মকির মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হবে।
প্রথম ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। ফলে রেসে টিকে থাকতে মালয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের যুবাদের। টুর্নামেন্টের শীর্ষ ৬টি দল জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশের মূল লক্ষ্য অন্তত সেরা ছয়ে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা।
ঐতিহাসিকভাবে মালয়েশিয়া জুনিয়র হকি দল শক্তিশালী হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তাদের কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছে। ২০২৪ সালের জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এছাড়া চলতি বছরের মে মাসে অনূর্ধ্ব- ১৮ এশিয়া কাপে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। তবে এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে ইনজুরির কারণে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ইসমাইলের দল থেকে ছিটকে পড়া টিম ম্যানেজমেন্টের জন্য কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ শনিবার দলের কোন অনুশীলন রাখেননি হেড কোচ জাইলস বোনেট। তবে সকালে ভিডিও সেশন ও বিকেলে স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রতিপক্ষের ম্যাচ দেখে সময় কাটিয়েছে ছেলেরা।
একই দিনে মাঠে নামছে নারী দলও
পুরুষ দলের ম্যাচের পরপরই একই ভেন্যুতে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। বাংলাদেশ সময় বিকাল তিনটায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
গত জুলাইয়ে ওমানে এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা এই টুর্নামেন্টেও ধরে রেখেছে তাদের অবিশ্বাস্য ফর্ম। আজ ৫ সেপ্টেম্বর, শনিবার নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে তারা। ম্যাচে অধিনায়ক সারিকা রিমন, আইরিন আক্তার ও নাদিরা ইমা দুটি করে এবং কনা আক্তার একটি গোল করেন। প্রথম ম্যাচের এই দাপুটে পারফরম্যান্সের ধারা পাকিস্তানের বিপক্ষেও বজায় রাখতে আত্মবিশ্বাসী লাল-সবুজের নারী দল।


