অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে হুমায়রা । দেশব্যাপী প্রতিভা অন্বেষণের মঞ্চ নতুন কুঁড়ি স্পোর্টসের ফরিদপুর অঞ্চলের ব্যাডমিন্টন এককে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মাদারীপুরের হুমায়রা হাসান। পুরো প্রতিযোগিতা জুড়ে দাপট দেখিয়ে শিরোপা জিতে তিনি এখন জায়গা করে নিয়েছেন জাতীয় পর্বে।
ফরিদপুর অঞ্চলের খেলায় হুমায়রার কোর্টের লড়াই ছিল একতরফা। প্রথম ম্যাচেই গোপালগঞ্জের প্রতিযোগী পৌষিকে ২১-৮ পয়েন্টে হারিয়ে দারুণ সূচনা করেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে ফরিদপুরের আয়েশার বিপক্ষে ২১-১৩ পয়েন্টে জয় তুলে নেন। ফাইনালে নীলা রানি মন্ডলকে ২১-১৫ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাদারীপুরের এই কিশোরী ব্যাডমিন্টন খেলোয়াড়।
হুমায়রা মাদারীপুর সদরের ঐতিহ্যবাহী ডনোভান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম আর একাগ্রতা। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের আগ্রহের জোরে ব্যাডমিন্টনে এ পর্যায়ে এসেছেন তিনি। ছোটবেলা থেকেই খেলাটির প্রতি আলাদা টান ছিল তার। শৈশবে বাবার সঙ্গে লিগ্যাল অফিসে খেলার মাধ্যমেই শুরু হয় ব্যাডমিন্টনের সঙ্গে তার পথচলা। পরে মাদারীপুর স্টেডিয়ামে নিয়মিত একক অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও শাণিত করেন তিনি।
অন্য কোনো খেলায় না গিয়ে শুরু থেকেই ব্যাডমিন্টনেই মনোযোগী ছিলেন হুমায়রা। সেই ধারাবাহিক প্রচেষ্টা আজ তাকে জেলা পর্যায় পেরিয়ে জাতীয় মঞ্চে পৌঁছে দিয়েছে। তার প্রতিভা গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন বাবা অ্যাডভোকেট মুনির হাসান মিঠু। মায়ের নাম অ্যাডভোকেট হাসিনা খাতুন। আইনজীবী পরিবারে বেড়ে উঠলেও হুমায়রার স্বপ্ন ছিল খেলাধুলাকে ঘিরে।
ভবিষ্যতে দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন হুমায়রা। তার ইচ্ছা, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনকে পুঁজি করে জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম বাড়ানো। মাদারীপুরের এই অপরাজিত চ্যাম্পিয়ন এখন সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।
