ঢাকায় বৃহস্পতিবার পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে অংশ নিতে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি জায়গা পেয়েছেন বয়সভিত্তিক দলের একাধিক খেলোয়াড়।
সাফে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দেশটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মোসা। তাঁর সহকারী হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ।
তবে সাফে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে না ভারত। একই সময়ে জাতীয় দল দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড সফর করবে। অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। তাই সাফের জন্য দ্বিতীয় সারির দল বেছে নিয়েছে এআইএফএফ। নিউ জিল্যান্ড সফরে ভারতীয় জাতীয় দলের সঙ্গে থাকবেন নিয়মিত প্রধান কোচ খালিদ জামিল।
ঘোষিত ২৮ সদস্যের দলে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের আধিক্য থাকলেও রয়েছেন জাতীয় দলের চার অভিজ্ঞ ফুটবলার। তাঁরা হলেন লিস্টন কোলাসো, ফারুখ চৌধুরী, চিংলেনসানা সিং কোনশাম ও সুরেশ সিং ওয়াংজাম।
সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। আগামী ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। এরপর ১১ নভেম্বর একই সময়ে মালদ্বীপের মুখোমুখি হবে দলটি।
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের দল
গোলকিপার: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।
ডিফেন্ডার: আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উয়াইস, নাথান রদ্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।
মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেস, এবিন্দাস ইয়েসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।


