সূর্যবংশীকে দলে নিয়ে নতুন অধিনায়ক ঘোষণা ভারতের

সূর্যবংশী দলে নিয়ে নতুন অধিনায়ক ঘোষণা ভারতের

১৫ বছর বয়সী সূর্যবংশীকে নিয়ে আইয়ারকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ভারত। ২০২৮ সালের অলিম্পিক গেমস এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

তিন মাস আগে বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমারকে শুধু নেতৃত্ব থেকেই সরিয়ে দেয়া হয়নি, বাদ দেয়া হয়েছে দল থেকেও। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। শনিবার মুম্বাইয়ে আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতের নতুন অধিনায়ক নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর জানান, অধিনায়ক হিসেবে এই মুহূর্তে শ্রেয়াসকেই সেরা অপশন মনে করছেন তারা। তিনি বলেন,

‘বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে ও যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা আমরা দেখেছি। ও ট্রফি জিতেছে, আবার কঠিন পরিস্থিতির মুখোমুখিও হয়েছে। একজন অধিনায়কের পক্ষে যা যা দেখা সম্ভব, ও সব দেখেছে। ওর ব্যক্তিগত পারফরম্যান্সও দারুণ। নতুন দায়িত্ব ওর জন্য অবশ্যই একটা অন্যরকম চ্যালেঞ্জ হবে।’

অধিনায়ক হিসেবে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন শ্রেয়াস। ২০২০ ও ২০২৫ সালে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার দুর্দান্ত রেকর্ড রয়েছে শ্রেয়াসের ঝুলিতে। ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও আইপিএলে তার ধারাবাহিক পারফরম্যান্স আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে।

বিশ্বকাপে সফল নেতৃত্বের পরেই সূর্যকে বাদ দেয়ার পরিকল্পনায় কিছুটা অবাক হয়েছেন সমর্থকরা। তবে এক্ষেত্রে ভবিষ্যতকে প্রাধান্য দিয়েছে দল। কারণ ২০২৮ সালের পরবর্তী বিশ্বকাপের সময় সূর্যের বয়স হবে ৩৮ বছর।

এছাড়া সাম্প্রতিক সময়ে ফর্মও তেমন ভালো যাচ্ছে না তার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ২৪২ রান এবং সর্বশেষ আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২০.৭৬ গড়ে ২৭০ রান করেন। তাই ভবিষ্যতের দল গঠনের লক্ষ্যে নির্বাচকরা সূর্যকুমারকে সরিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক অবশ্য ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ২০২৮ সালের মেগা ইভেন্টগুলোকে মাথায় রেখে এই কিশোর প্রতিভাকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে। শ্রেয়াস ও বৈভবের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, রবি বিষ্ণোই এবং প্রিন্স যাদব। তবে বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং এবং কুলদীপ যাদব। অন্যদিকে, দলের দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয়া হয়েছে।

Exit mobile version