বিসিবিতে নির্বাচনে জয়ের পর ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসতে বললেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নেওয়া ১৬ জন প্রার্থী এক সাক্ষাতের আয়োজন করেন। সেখানে নির্বাচিত হলে কী করবেন সেসব বিষয়ে কথা হয়েছে, একইসঙ্গে নিজেদের জন্য ভোটও চেয়েছেন তারা।
বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও ওল্ড ডিএইচ ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল শুধু ভোট চাননি। জানিয়েছেন নির্বাচিত হওয়ার পর যখন বিসিবিতে ঢুকবেন তখন ব্যক্তিগত সব পরিচয় যেন পেছনে ফেলে আসেন।
তামিম ইকবাল বলেন, ‘আমরা যারাই সুযোগ পাই না কেন, আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব এবং আশা করব যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য আমরা যখন মিরপুর স্টেডিয়ামে ঢুকব ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসবেন। যে মুহূর্তে ওই সিটে আপনারা বসবেন, আপনার লক্ষ্য থাকবে শুধুই বাংলাদেশ ক্রিকেটের সেবা করা। আপনাদের ব্যক্তিগত কি আইডেন্টিটি, এটা ম্যাটার করে না।’
গত প্রায় দুই বছরে বাংলাদেশ ক্রিকেটে অন্তত ৩ জন সভাপতি দেখা গেছে। নানা কারণে ক্রিকেটের উপর সুনামি চলেছে। সেসব এবার থামা দরকার বলে মনে করেন তামিম, ‘গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেট যে ধরনের সুনামির মধ্য দিয়ে গেছে, সেটা বন্ধ হওয়া প্রয়োজন। এটা থামাতেই হবে।
বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে এটা থামতেই হবে। এটা আমার জন্য নয়, অন্য কারও জন্যও নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যই থামানো জরুরি। কারণ আমার মনে হয়, ১৮ কোটি মানুষের গর্ব আর আবেগের জায়গা যে ক্রিকেট, সেটাকে এই ধরনের সুনামি থেকে বের করে আনতে হবে। এর একটা শেষ হওয়া দরকার।’
আলোচনা-সমালোচনাকে স্বাভাবিক ধরে নিয়ে কাজের মাধ্যমে পরিস্থিতি বদলানোর আশা সাবেক এই অধিনায়কের, ‘আমি আশা করি, এই নির্বাচনের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারব। যারা নির্বাচিত হবেন, তাদের নিয়ে সমালোচনা হবে, নানা প্রশ্ন উঠবে, নানা যদি-কিন্তু থাকবে। কিন্তু আমি একটা বিষয় বিশ্বাস করি—আপনাদের উদ্দেশ্য ও সদিচ্ছা যদি সঠিক থাকে, আর যদি সত্যিই ভালো কাজ করেন, তাহলে খুব দ্রুতই এসব পরিস্থিতি সামাল দিতে পারবেন। আমি নিজেও সেই বিশ্বাস রাখি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















