লাৎসিওকে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জয় করেছে ইন্টার মিলান। স্টাডিও অলিম্পিকোতে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে জয় পায়। বুধবার রাতের অনুষ্ঠিত এ খেলায় গোল করেছেন লাউতারো মার্টিনেজ। অন্যটি ছিল আত্মঘাতি।
সময়টা এখন ইন্টার মিলানের। ভক্তরা একের পর এক শিরোপা জয়ের উৎসব করছে। কয়েকদিন আগে ইন্টার মিলান লিগ শিরোপা নিশ্চিত করেছে। দশদিন ব্যবধানে তারা ইতালিয়ান কাপ জিতে ডাবল অর্জন করেছে।
লাৎসিও এ নিয়ে গত কয়েকদিনে ইন্টার মিলানের কাছে দুইবার হারলো। কয়েকদিন আগে তারা লিগ লড়াইয়ে ইন্টার মিলানের কাছে ৩-০ গোলে হারে। ফলে এ ম্যাচে মাঠে নামার আগেই লাৎসিও’র সামনে হারের একটা শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা বাস্তবে রূপ নিয়েছে। মূলত বিরতির আগেই ইন্টার মিলান শিরোপা জয় নিশ্চিত করে ফেলে।
ম্যাচের শুরুতে লাৎসিও নিজেদের জালে বল ফেলে লড়াই থেকে অনেকটা ছিটকে যায়। ১৪ মিনিটের সময় অ্যাডাম মারুসিক নিজেদের জালে বল জড়িয়ে দেন। এতে করে ইন্টার মিলানের কাজটা সহজ হয়ে যায়। ৩৫ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচে ইন্টারের আধিপত্য
ম্যাচের শুরু থেকেই ইন্টার মিলান খেলায় আধিপত্য বিস্তার করে। যদিও লাৎসিও নিজেদের মাঠে খেলেছে কিন্তু ইন্টার সঙ্গে পেরে ওঠেনি। তারপরও শুরুর কয়েক মিনিট লাৎসিও ইন্টার মিলানকে তেমন একটা বিপদজনক হওয়ার সুযোগ দেয়নি। আত্মঘাতি গোলের আগে মাত্র একবারই গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল ইন্টার মিলান। লাউতারো মার্টিনেজ একটা বিপদজনক হেড নিয়েছিলেন।
ইন্টার মিলানের প্রথম গোলের রূপকার ছিলেন ফেডেরিকো ডিমারকো। তার ইনসুইং কর্নার মার্কাস থুরাম হেড নিলে তা থেকে গোল পায় ইন্টার। তবে বল জালে জাওয়ার আগে লাৎসিও’র মারুসিককে হতবুদ্ধি করে দেয়। তার গায়ে বল লেগে জালে চলে যায়।
ইন্টারের দশম শিরোপা
এ নিয়ে ইন্টার মিলান ১০ বার ইতালিয়ান কাপ জয় করলো। শিরোপা জয়ের সংখ্যায় তারা রোমাকে ছাড়িয়ে এখন এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে জুভেন্টাস। তারা ১৫ বার শিরোপা জিতেছে। রোমা ২০০৮ সালের পর আর শিরোপা জয় করতে পারেনি। সাতবার নিয়ে চতুর্থ স্থানে থাকা লাৎসিও দীর্ঘদিন সাফল্যের দেখা পায় না। সর্বশেষ তারা শিরোপা জয় করেছিল ২০১৯ সালে।
