বুন্ডেসলিগার শেষ রাউন্ডে কেইনের হ্যাটট্রিক, বায়ার্নের বড় জয়! বুন্ডেসলিগার শেষ ম্যাচে দারুণভাবে আলো ছড়ালেন হ্যারি কেইন। কোলনের বিপক্ষে হ্যাটট্রিক করে বায়ার্ন মিউনিখকে ৫-১ গোলের বড় জয় এনে দেন ইংলিশ তারকা। শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় এই জয়ে শিরোপাজয়ী দলটি মৌসুম শেষ করল দাপটের সঙ্গেই।
ম্যাচের ১০ মিনিটে জসুয়া কিমিখের হেড পাস থেকে দারুণ ভলিতে দলকে এগিয়ে নেন কেইন। এর তিন মিনিট পর ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। পাঁচ মিনিট পর সাইদ এল মালা কোলনের হয়ে এক গোল শোধ দিলেও ২২তম মিনিটে টম বিশফ আবারও বায়ার্নকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন। এরপর ৮৩তম মিনিটে নিকোলাস জ্যাকসনের গোলে বায়ার্নের বড় জয় আরও নিশ্চিত হয়।
এক মৌসুমে বুন্ডেসলিগায় রবের্ত লেভানদোভস্কির ৪১ গোলের রেকর্ড স্পর্শ করতে পারেননি কেইন। তবে ৩৬ গোল নিয়ে লিগ শেষ করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল দাঁড়িয়েছে ৫৮টি। মৌসুমজুড়ে বায়ার্নের গোলসংখ্যা হয়েছে ১২২, যা ক্লাবটির ইতিহাসে এক আসরে সর্বোচ্চ।
টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জিতে বায়ার্নের পয়েন্ট হলো ৮৯। একই দিনে বরুশিয়া ডর্টমুন্ড ৭৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়। ৬৫ পয়েন্ট নিয়ে লাইপজিগ তৃতীয় এবং ৬২ পয়েন্ট নিয়ে স্টুটগার্ট চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়।
হফেনহাইম ও বায়ার লেভারকুজেন খেলবে ইউরোপা লিগে। ফ্রেইবুর্ক যাবে কনফারেন্স লিগে। আর অবনমন হয়েছে হাইডেনহাইম ও সেন্ট পাউলির।
এখন বায়ার্নের সামনে ঘরোয়া ডাবল জয়ের সুযোগ। আগামী শনিবার জার্মান কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে স্টুটগার্টের।
