আপাতত প্রথম ম্যাচ নিয়েই ভাবছেন লিটন! এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সামনে প্রথম বাধা বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার কারণে ঠিকমতো অনুশীলন করা যায়নি, হয়নি ম্যাচ অনুশীলনও। এর মধ্যেই আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
তবে প্রস্তুতির ঘাটতি নিয়ে খুব বেশি ভাবতে চান না অধিনায়ক লিটন দাস। যতটুকু সুযোগ পেয়েছেন, সেটুকুর মধ্যেই নিজেদের প্রস্তুত করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি।
আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন,
প্রত্যেকটা দলের জন্যই তো একই অবস্থা। ওয়েদারের ওপর কারও নিয়ন্ত্রণ নেই। তারা আমাদের যতটুকু সুবিধা দিয়েছে, আমাদের পক্ষে যতটুকু সময়ের মধ্যে সম্ভব, আমরা চেষ্টা করেছি প্রস্তুতি নেওয়ার।
বৃষ্টির কারণে আজকের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। ফলে আগামীকালের ম্যাচ নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আবহাওয়া নিয়ে চিন্তা না করে নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতেই মনোযোগ দিতে চান বাংলাদেশের অধিনায়ক।
এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও এবারের আসরে প্রস্তুতির সুযোগ প্রত্যাশা মতো হয়নি। আজও নেটে অনুশীলনের পরিবর্তে ফুটবল মাঠে প্রস্তুতি নিতে হয়েছে দলকে। অবশ্য দেশে থাকতেই এই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ।
প্রস্তুতি প্রসঙ্গে লিটন বলেন,
আমি দেশ থেকে আসার আগেই আমরা অনেক প্র্যাকটিস করেছি। আমি খেলোয়াড়দের একটা কথাই বলেছিলাম, এখানে এসে হয়তো সুযোগ নাও থাকতে পারে। তাই মানসিকভাবে সেভাবেই প্রস্তুত হতে বলেছি।
দেশ ছাড়ার আগে বাংলাদেশের প্রথম লক্ষ্য হিসেবে ফাইনালে ওঠার কথা জানিয়ে ছিলেন লিটন। তবে এখনই পদক বা পরের ধাপ নিয়ে ভাবতে চান না তিনি। তাঁর পুরো মনোযোগ মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে।
লিটনের ভাষায়, আপাতত প্রথম ম্যাচটা খেলি। জিতলে তারপর চিন্তাভাবনা করব।
তবে ফাইনালে ওঠার লক্ষ্য থেকে সরে আসেননি বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফাইনালে যাওয়া। গোল্ড পাব কি না, সেটা পরের বিষয়। তবে তার জন্য আগামীকালের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার জন্যই ফোকাস করছি।




