জয়ের সঙ্গে যেন আড়ি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। পাঁচ ম্যাচে জয় নেই। সেই খরা কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছিল রবিবার। কিন্তু প্রতিপক্ষের মাঠে এগিয়ে থেকেও জয় পাওয়া হলো না ম্যানইউয়ের। লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র হয়েছে।
এল্যান্ড রোডে প্রিমিয়ার লিগে দুই দলের লড়াই ঘিরে উত্তেজনার কমতি ছিল না। লিডস সমর্থকদের প্রত্যাশা ছিল দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর। অন্যদিকে আগের ছয় লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া ইউনাইটেডের লক্ষ্য ছিল ছন্দে ফেরা। কিন্তু দুই দলের প্রাণবন্ত লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে যায়।
ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে সমর্থকদের উচ্চকণ্ঠ উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে বাড়তি তাড়না যোগ করে। দুই দলই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেললেও শুরুতে ভালো সুযোগ কেউ তৈরি করতে পারেনি। লিডসের নিকো এলভেদির হেড দারুণভাবে রুখে দেন ইউনাইটেডেরস গোলরক্ষক সেন্নে লামেন্স।অন্য প্রান্তে মবুমোও হেড থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন কিন্তু তার চেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় দলটি।
মবুমোর গোলে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড
৩৫ মিনিটে অবশ্য আর ভুল করেননি ক্যামেরুনের ফরোয়ার্ড। ইউরি টিলেমানসের নিচু ক্রস থেকে বল পেয়ে লিডসের জেমস জাস্টিনকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান মবুমো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার চতুর্থ গোল। এই গোলেই বিরতির আগে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। গোল হজমের পরপরই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল লিডস। আও তানাকার দুর্বল শট সহজেই আটকে দেন লামেন্স। এরপর ক্যালভার্ট লুইনের হেডও লক্ষ্যে থাকেনি। ফলে প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

ইউনাইটেডের জন্য প্রথমার্ধের আরেকটি ইতিবাচক দিক ছিল চলতি মৌসুমে এই প্রথম বিরতির সময় এগিয়ে থাকা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সেই স্বস্তি কেড়ে নেয় লিডস। ৫১ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করেন তারিক মুহারেমোভিচ। বলটি ছয় গজ বক্সের কাছে ক্যালভার্ট লুইনের সামনে এসে পড়লে ইংল্যান্ডের এই স্ট্রাইকার মবুমোর বাধা সামলে জোরালো শটে জালে পাঠান। সমতায় ফেরে লিডস, নতুন করে প্রাণ ফিরে যায় এল্যান্ড রোডের গ্যালারি।
সমতাসূচক গোলের পর আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। তানাকা ও নোয়াহ ওকাফরের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পাল্টা আক্রমণে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।




