মার্তিনেস-রোমেরোর গোলে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলা শুরু করল আর্জেন্টিনা। বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখার পাশাপাশি রক্ষণেও ছিল বেশ গোছানো আর্জেন্টিনা।

কর্ডোবায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল করে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেস, নিকো পাহ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেস গোল করেন। শুরু থেকেই বলিভিয়াকে চাপে রাখে আর্জেন্টিনা। বেশির ভাগ সময়ই খেলা হয়েছে সফরকারীদের ডি-বক্সের আশপাশে।

লাউতারোর গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯তম মিনিটে প্রথম বড় সুযোগ থেকেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে আলেক্সিস ম্যাক আলিস্টারের বাড়ানো বল প্রথমে ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি লাউতারো মার্তিনেস। তবে কাছেই পাওয়া বল আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে একটু সময় নিয়ে পোস্ট ঘেঁষে শট নেন তিনি। বলিভিয়ার গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে বল জালে জড়ায়।

দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এসেকিয়েল পালাসিওসের রক্ষণচেরা পাস পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্রথম স্পর্শেই বল জালে পাঠান নিকো পাহ। জাতীয় দলের হয়ে এটি তাঁর দ্বিতীয় গোল।

প্রথমার্ধের শেষ দিকে তৃতীয় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হুলিয়ান আলভারেস। লাউতারোকে কাটব্যাক করতে চেয়েছিলেন তিনি, কিন্তু আর্জেন্টিনার ফরোয়ার্ড কয়েকজন ডিফেন্ডারের মাঝে থাকায় তা সম্ভব হয়নি। পরে দুরূহ কোণ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলতে থাকে আর্জেন্টিনা। ৫৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন ক্রিস্টিয়ান রোমেরো। পাহের ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে বলিভিয়ার জালে বল পাঠান আর্জেন্টিনার নতুন অধিনায়ক।

এরপর একের পর এক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারছিল না আর্জেন্টিনা। ৭৬ মিনিটে ফ্রি-কিক থেকে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন আলভারেস। পরের মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে পা ছোঁয়াতে পারেননি লিওনার্দো বালের্দি।

৮৩ মিনিটে প্রতি-আক্রমণ থেকে গোলের সুযোগ পেয়েছিলেন লোপেস। তবে তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

তবে পরের মিনিটেই হতাশা কাটে লোপেসের। ডি-বক্সে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে আর্জেন্টিনার চতুর্থ গোলটি করেন পালমেইরাসের এই স্ট্রাইকার। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লিওনেল ফ্লোরেসের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক। ফলে আর ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।

আগামী মঙ্গলবার বুর্কিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর বুধবার বেনিনের বিপক্ষে মাঠে নামবে তারা। ওই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবারের মতো খেলবেন অবসর নিতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

spot_imgspot_img
spot_img

Related Articles