স্পেনের ফুটবল ক্লাব কর্নেয়া কিনলেন মেসি

কর্নেয়ার ক্লাবের নতুন মালিক লিওনেল মেসি

স্প্যানিশ ফুটবলে পঞ্চম স্তরের এক ক্লাবের নাম কর্নেয়া। হঠাৎ করেই এই ক্লাবটি এখন ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। কেননা এই ক্লাবটির সঙ্গে জুড়ে গেছে বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির নাম। ক্লাবটির মালিক এখন তিনি। গতকাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মেসির মালিকানায় যাওয়ার খবরটি দিয়েছে কর্নেয়াই।

কর্নেয়া ক্লাবটি বার্সেলোনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। শহরের নামেই ক্লাবটির নাম। ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১৭ বছর এই বার্সেলোনা শহরেই ছিলেন ইন্টার মায়ামির বর্তমান তারকা মেসি। ক্যারিয়ারের সেরা সময়টাও এখানেই কাটিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা।

কর্নেয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইউই কর্নেয়া ঘোষণা করছে যে, আর্জেন্টাইন ফুটবলার এবং আটবারের ব্যালন ডি’ অর বিজয়ী লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটি অধিগ্রহণ করেছেন। বায়াক্স লোব্রেগাত ভিত্তিক এই প্রতিষ্ঠানের নতুন মালিক হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, মেসির বার্সেলোনায় কাটানো দীর্ঘ বছরগুলোর মাধ্যমেই এই সম্পর্কের সূচনা। সে সময় থেকেই এই সম্পর্ক নিরবিচ্ছিন্নভাবে বজায় রয়েছে।’

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেয়া

কর্নেয়া ক্লাবটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত। ২০১৩-১৪ মৌসুমে তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’তে খেলেছিল। ২০২১ সালে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ডে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চমকে দিয়েছিল দলটি। পরের রাউন্ডে অবশ্য বার্সেলোনার কাছে হেরে যায় দলটি। কর্নেয়ায় খেলা কয়েকজন ফুটবলার পরবর্তী সময়ে স্প্যানিশ ফুটবলে প্রতিষ্ঠিত হয়েছেন। যাদের মধ্যে আছে মেসির বার্সেলোনা ও মায়ামি সতীর্থ ইহোর্দি আলবা, বার্সেলোনার বর্তমান ডিফেন্ডার জেরার্ড মার্টিন এবং আর্সেনাল গোলকিপার দাভিদ রায়া। আলবা কর্নেয়ার একাডেমিতে দুই বছর ছিলেন। এখান থেকেই ২০১২ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন।

ইলি সানচেজ এই ক্লাব থেকে বার্সেলোনার ‘বি’ দলে যোগ দেন। বর্তমানে তিনি মেজর সকার লিগে অস্টিন এফসির হয়ে খেলছেন।

ইন্টার মায়ামির জার্সিতে মেসি

পঞ্চম স্তরের খেলা কর্নেয়া বর্তমানে গ্রুপ ফাইভের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে। এই গ্রুপের শীর্ষ দল চতুর্থ স্তর এবং কোপা দেল রেতে খেলার সুযোগ পায়। দ্বিতীয় থেকে পঞ্চমস্থানধারী দলগুলো সুযোগ পায় প্রমোশন প্লে অফে।

মেসির ক্লাব মালিকানা প্রথম নয়

মেসি এই প্রথম কোনো ক্লাবের মালিক হলেন তা কিন্তু নয়। এর আগে তিনি মেসি কাপের অভিষেকের সময় অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টের আটটি দলে অর্থায়ন করেছিলেন।

এই ক্লাব কেনার মাঝ দিয়ে লিওনেল মেসির আবার বার্সেলোনাতে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ইন্টার মায়ামির সঙ্গে সম্পর্কের ইতি হওয়ার পরই হয়তো তাকে বার্সেলোনাতে দেখা যাবে।

Exit mobile version