মেজর সকার লিগে বাংলাদেশ সময় সোমবার সকালে দারুণ এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু মায়ামি সমর্থকদের মনে আনন্দ নেই। অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি তাদের সব আনন্দ কেড়ে নিয়েছে। শুধু মায়ামি সমর্থকদের নয়, আনন্দ কেড়ে নিয়েছে আর্জেন্টিনার ভক্তদের। মেসির ইনজুরি নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই তাদের। তবে ইন্টার মায়ামির কোচ জানিয়েছেন, বিশ্বকাপের আগে মেসি ঝুঁকি নিতে চাননি। তাই মাঠ ছেড়ে যান।
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। তার আগে ইন্টার মায়ামি তো বটেই লিওনেল মেসির ক্লাব ফুটবলে এটা ছিল শেষ ম্যাচ। মেসিকে ঘিরেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে। কোচ লিওনেল স্ক্যালোনিও মেসিকে কেন্দ্রে রেখেই বিশ্বকাপের পরিকল্পনা করছেন। হঠাৎ করে ধেয়ে আসা স্ক্যালোনির পরিকল্পনায় কতটা ধাক্কা দেবে তা নিয়ে উদ্বেগের শেষ নেই আর্জেন্টিনার ভক্তদের।
স্বাভাবিকভাবেই হেঁটেছেন মেসি
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে সবকিছু ভালোমতেই এগুচ্ছিলো। কিন্তু ৭৩ মিনিটের এক ঘটনা মায়ামি ও আর্জেন্টিনার ভক্তদের হৃদস্পন্দন যেন থমকে দিয়েছিল। ৩৮ বছর বয়সী মেসি তার বাম পায়ে কিছু একটা অনুভব করলেন। পায়ের পেছনের দিকে হাত দিয়ে অবস্থা বুঝতে চেষ্টা করলেন। অবস্থা খুব একটা হয়তো ভালো বুঝলেন না। অবস্থা বুঝে নিজেকে তুলে নেওয়ার জন্য বললেন। মাঠ থেকে বের হয়ে সাইড বেঞ্চে বসেননি, সরাসরি ভেতরে চলে যান। সে সময় তিনি স্বাভাবিকভাবে হেঁটেছেন।

একটা সূত্র জানিয়েছে, অস্বস্তি নিয়ে মেসি মাঠ ছাড়লেও ইনজুরি তেমন একটা মারাত্মক নয়। বিশ্বকাপের খেলার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সম্ভবত দুই সপ্তাহ তাকে সাবধানে থাকতে হবে।
এ সময় ঝুঁকি না নেওয়াটাই ভালো
এদিকে ইন্টার মায়ামির কোচ গুইলারমো হোয়েস মেসির ইনজুরি নিয়ে কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, এখনো মেসির সঙ্গে কথা হয়নি, আনুষ্ঠানিক রিপোর্টও পাননি। আশা করছি দ্রুত তার সঙ্গে কথা হবে। সে কিছুটা পরিশ্রান্ত। মাঠের পরিস্থিতি ভালো ছিল না। যখন কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে তখন সে ব্যাপারে কোনো ঝুঁকি না নেওয়াটাই ভালো।
সত্যিকারভাবেই মাঠের পরিস্থিতি বেশ কঠিন ছিল। বৃষ্টির কারণে মাঠ বেশ পিচ্ছিল হয়ে পড়েছিল। প্রথমার্ধের প্রায় শুরুর দিকে পা পিছলে একবার পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল মেসির।
বিশ্বকাপের আগে শেষ ম্যাচ
বিশ্বকাপের আগে মেজর সকার লিগে এটা ছিল মেসির শেষ ম্যাচ। এখন হয়তো তিনি জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। ফলে কিছুটা স্বস্তি পাবেন। এ মৌসুমে মায়ামির হয়ে মেসি আগের ১৩ ম্যাচের সবকটিতেই পুরো সময় মাঠে ছিলেন। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের উভয় ম্যাচে পুরোটা সময় খেলেছেন। জাতীয় দলের হয়ে একটা প্রীতি ম্যাচেও মাঠে ছিলেন। একটা প্রীতি ম্যাচে অর্ধেক সময় খেলেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















